যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি স্কুলে সোমবার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় সময় সোমবার সকাল ৯টার পরে এক বন্দুক হামলার ঘটনা ঘটে। মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাই স্কুলে ঢুকে তাণ্ডব চালায় বন্দুকধারী।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় গুলি বিনিময়ের এক পর্যায়ে নিজের আঘাতেই হামলাকারীর মৃত্যু হয়।
ঘটনার সময় স্কুলের দরজা তালাবদ্ধ ছিল। এমন অবস্থায় সন্দেহভাজন হামলাকারী কীভাবে সেখানে ঢুকে পড়ে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন ব্যক্তিরা জানিয়েছেন, হামলার একপর্যায়ে বন্দুকধারীর অস্ত্রটি জ্যাম বা আটকে যায়। ফলে প্রাণে বেঁচে যায় অনেকে। অন্যথায় হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারতো।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ ১৯ বছর বয়সী সন্দেহভাজনকে অবিলম্বে নিবৃত্ত করতে সমর্থ হয়েছে।
হামলাকারী ছাড়া নিহত দুই জনের একজন কিশোরী এবং একজন নারী। আহত সাত জনের মধ্যে তিন জন মেয়ে এবং চার জন ছেলে। তবে তাদের আঘাত খুব গুরুতর নয় বলে জানা গেছে।
এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এফবিআই এজেন্টরা তদন্তে সহায়তা করছে বলে জানিয়েছেন শহরের পুলিশ কমিশনার মাইকেল স্যাক।









