বার্ষিক পারমাণবিক মহড়ার পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে রাশিয়া। মঙ্গলবার মার্কিন সরকার একথা জানিয়েছে। এই পদক্ষেপকে রাশিয়ার ‘বেপরোয়া পারমাণবিক বাগাড়াম্বরের’ সময়ে ভুল সমীকরণের ঝুঁকি কমিয়ে দেবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্র বলেছে, তাদের ধারণা রাশিয়া বার্ষিক পারমাণবিক মহড়ায় কৌশলগত পারমাণবিক বাহিনী দ্বারা পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে। অতীতে ‘গ্রম’ নামের এই মহড়ায় রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলেও উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তারা বলছেন, নতুন এসটিএআরটি চুক্তি অনুসারে এমন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে তা যুক্তরাষ্ট্রকে জানাতে বাধ্য রাশিয়া।
এক সংবাদ সম্মেলনে মার্কিন বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছে। এটি রাশিয়ার নিয়মিত বার্ষিক মহড়া।
এই বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন রাইডার।









