সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ায় আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউট। শুক্রবার তিনি এই আহ্বান জানান। ‘মৃত্য ব্যবসায়ী’ নামে পরিচিত এই রুশ ব্যবসায়ী বন্দি বিনিময়ে গত বছর মার্কিন কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাতে দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
টেলিগ্রাম অ্যাপে ট্রাম্পকে এক বার্তায় বাউট লিখেছেন, আমি মনে করি আপনার জীবন বিপন্ন। বাইডেন প্রশাসন আপনাকে শুধু আদালত/কারাগার পর্যন্ত নিয়ে থামবে না। তাদের পথে দাঁড়ানোর বদলে তারা শিগগিরই আপনার জীবন শেষ করে দিবে।
টেলিগ্রামে ট্রাম্পকে এই বার্তা পাঠালেও বাউট তা সংবাদমাধ্যমকে দেখিয়েছেন।
মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন। আদালতের আত্মসমর্পণের পর তাকে গ্রেফতার করা হয়। অবশ্য কিছুক্ষণ পর তিনি জামিনে মুক্ত হয়ে আদালত ছাড়েন। তার বিরুদ্ধে আনীত ৩৪টি অপরাধের অভিযোগের ক্ষেত্রে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
বাউট বলেছেন, রাশিয়ার ট্রাম্প একটি নিরাপদ স্বর্গ খুঁজে পাবেন। এখান থেকে তিনি আমেরিকার জনগণের লড়াইয়ের নেতৃত্ব দিতে পারবেন।
২০২২ সালের ডিসেম্বরে মার্কিন অ্যাথলেট ব্রিটনি গ্রাইনারকে মুক্তি দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পান ভিক্টর বাউট। তিনি সাবেক সোভিয়েত সেনাবাহিনীর একজন কর্মকর্তা। মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে তার ২৫ বছরের কারাদণ্ড হয়েছিল। রাশিয়ায় ফিরে তিনি একটি রুশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন।









