ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়তে থাকেন হামলাকারী। শনিবার (১৩ জুলাই) পেনসিলভেনিয়ায় ট্রাম্পের সমাবেশে অংশ নেন হামলাকারীও। তিনি মঞ্চ থেকে কিছুটা উঁচু অবস্থান থেকে গুলি ছোড়েন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ট্রাম্পের নির্বাচনী প্রচারে থাকা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাইফেল হাতে এক ব্যক্তিকে কাছের একটি ভবনের ছাদে হামাগুড়ি দিয়ে চলতে দেখেছিলেন তিনি। এমনকি নিরাপত্তা বাহিনীকে সতর্কও করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই গুলি ছুড়তে থাকে হামলাকারী।
ট্রাম্পের বক্তব্য শুরুর ৫ মিনিটের মাথায় এরকম দৃশ্য দেখেন তিনি।
হামলার পর এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানায়, ট্রাম্পের নির্বাচনী প্রচারের মঞ্চ লক্ষ্য করে সন্দেহভাজন হামলাকারী একাধিক গুলি ছুড়েছে। সমাবেশস্থলের বাইরে থেকেই হামলা চালায় বন্দুকধারী। এতে মঞ্চের সামনে দর্শকসারিতে থাকা এক সমর্থক নিহত হন। গুরুতর আহত হন আরও দুজন। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে।
পরে সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়।
বন্দুকধারী যতবার ট্রিগারে চাপ দিয়েছে, ততবারই গুলি বেরিয়েছে। এ ঘটনাকে আশ্চর্যজনক বলেছেন এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক।
১৯৮১ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে গুলি করার পর, ট্রাম্পের ওপর চালানো এই হামলাকেই একজন সাবেক প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার গুরুতর প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।








