যুক্তরাষ্ট্রে ভয়াবহ ৯/১১ সন্ত্রাসী হামলার ২৩তম বার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে হৈচৈ ফেলেছে ভাইরাল একটি ছবি। ছবিটি তুলেছিলেন ওই হামলায় নিহত সাংবাদিক বিল বিগার্ট। হামলার পর ব্যাপক ধ্বংসযজ্ঞের ছবি তুলতে গিয়েই প্রাণ হারান তিনি।
তার আগে, ভয়াবহ ওই হামলার ছবি নিজের ক্যানন ডি ৩০ ক্যামেরায় ফ্রেমবন্দি করেন অসংখ্য ছবি। তার মধ্যে একটি ছবি ভাইরাল হয়। বুধবার (১১ সেপ্টেম্বর) ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হয়। আর তারপর থেকেই আবারও আলোচনায় উঠে এসেছে ছবিটি।
আজ ২৩ বছর পরও ওই ছবিটি যেন একেবারে জীবন্ত। ওই পরিস্থিতিতে একজন সাংবাদিক কীভাবে এত সুন্দর ও অর্থবহ ছবি তুলতে পারেন তা দেখে বিস্মিত নেটিজেনরা।
ওই ভয়ানক দিনে,ছিনতাই করা বিমান নিয়ে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সন্ত্রাসীরা।
হামলার সময় বিল বিগার্টের স্ত্রী তাকে ফোন করে জানিয়েছিলেন, এটি একটি সন্ত্রাসী হামলা কোনও দুর্ঘটনা নয়। তিনি তাকে আশ্বস্ত করেন, তিনি ঠিক আছেন। দমকলকর্মীদের সঙ্গে আছেন।
ওই হামলার ছবি তুলেছিলেন নিউ ইয়র্ক পোস্টের ফটোগ্রাফার বোলিভার আরেলানো। তিনি জানান, ঘটনাস্থলে বিল বিগার্টকে দেখেছিলেন তিনি। বিগার্ট টাওয়ারগুলোর কাছাকাছি ছিলেন। এমনকি অনেক দমকলকর্মীর চেয়েও কাছে।
পরে তার ক্যামেরায় দেখা যায়, সকাল ১০টা ২৮ মিনিট ২২ সেকেন্ডে নর্থ টাওয়ারটির নিচের দুর্বল সাপোর্ট ভেঙে পড়ে এবং বিশাল কাঠামোটি ধসে পড়ে। ১০টা ২৮ মিনিট ২৪ সেকেন্ডে নর্থ টাওয়ারের বেসের সঙ্গে থাকা সাউথ টাওয়ারের ধ্বংসাবশেষের ছবিটি তোলেন বিল বিগার্ট।
ধারণা করা হয়,যখন প্রায় ৫ লাখ টন কাচ, কংক্রিট ও স্টিল ঘণ্টায় ১২০ মাইল বেগে তার উপর ভেঙে পড়ে, তখনও তিনি তার ক্যামেরার ভিউফাইন্ডারের মাধ্যমে তাকিয়ে ছিলেন।
চারদিন পর বিল বিগার্টের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। ৯/১১ হামলায় প্রাণ হারানো একমাত্র পেশাদার ফটোগ্রাফার ছিলেন তিনি।
সূত্র: এনডিটিভি








