যুক্তরাষ্ট্রের কালোরাডোতে কেকেসিও/কেজেসিটি’র এক রিপোর্টারের ওপর হামলা চালিয়েছে এক নাগরিক। হামলার সময় ওই ব্যক্তির দাবি, ‘এখন এটি ট্রাম্পের আমেরিকা!এই দেশকে তোমার মতো লোকদের কাছ থেকে রক্ষা করার শপথ নিয়েছি।’ ওই ব্যক্তির বিরুদ্ধে ঘৃণার কারণে সংঘটিত অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।
ওই ব্যক্তির নাম প্যাট্রিক থমাস ইগান। গত ১৮ ডিসেম্বর কলোরাডোর গ্র্যান্ড জংশন থেকে ৩৯ বছর বয়সী ইগানকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ইগান একটি ট্যাক্সি নিয়ে কেকেসিও/কেজেসিটি’র এক সাংবাদিক জা'রন অ্যালেক্সের গাড়ি ডেল্টা এলাকা থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) পর্যন্ত অনুসরণ করেছিলেন।
গ্র্যান্ড জংশনে পৌঁছানোর পর ইগান ট্রাফিক লাইটে অ্যালেক্সের গাড়ির পাশে এসে থামেন। এসময় তিনি প্রশ্নব করেন, ‘তুমি কি আদৌ একজন মার্কিন নাগরিক? এটি এখন ট্রাম্পের আমেরিকা! এই দেশকে তোমার মতো লোকদের কাছ থেকে রক্ষা করার শপথ নিয়েছি!'
অ্যালেক্স সেদিন রিপোর্টিংয়ের কাজে বাইরে ছিলেন। গ্র্যান্ড জংশনের নিউজ স্টেশনের সামনে গাড়ি থেকে নামার পর, ইগান তাকে ধাওয়া করেন। স্টেশনের দরজার দিকে দৌড়ানোর সময় তার পরিচয়পত্র দেখতে চান বলেও দাবি করেন অ্যালেক্স।
কিন্তু স্টেশনে পৌঁছার আগেই ইগান অ্যালেক্সকে মাটিতে ফেলে দেন। মাটির সঙ্গে তার মাথা-চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে। স্টেশনের সহকর্মীরা সাহায্য করতে ছুটে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আক্রমণের সময় অ্যালেক্স শ্বাস নিতে পারছিলেন না বলে মনে হচ্ছিল। আক্রমণের কিছু অংশ নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে বলে উল্লেখ করা হয়েছে।
স্টেশনের ওয়েবসাইট অনুসারে, অ্যালেক্স ডেট্রয়েটের বাসিন্দা। তার টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আক্রমণের সময় তিনি একটি নিউজ ভেহিকল চালাচ্ছিলেন।
ইগানের বিরুদ্ধে পক্ষপাত-প্রণোদিত অপরাধ, দ্বিতীয় ডিগ্রির হামলা এবং হয়রানির অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে। সেখানে প্রসিকিউটররা তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনবেন কিনা তা নির্ধারণ করা হবে।







