মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মেক্সিকো, কানাডা ও চীনের ওপর তার আরোপিত ব্যাপক শুল্ক আমেরিকানদের জন্যও ‘স্বল্পমেয়াদি’ যন্ত্রণার কারণ হতে পারে। কারণ শুল্ক আরোপের ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিকারক বাণিজ্য যুদ্ধ শুরু হবে আশঙ্কায় বিশ্বব্যাপী শেয়ার বাজার ভেঙে পড়েছে। এরই প্রেক্ষিতে রবিবার (২ ফেব্রুয়ারি) এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ট্রাম্প শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে মেক্সিকো, কানাডা ও চীন। এ অবস্থায় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে কথা বলবেন ট্রাম্প। তবে তারা তার মন পরিবর্তন করবে এমন প্রত্যাশাকে খারিজ করে দিয়েছেন তিনি।
ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেট থেকে ওয়াশিংটনে ফিরে আসার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি নাটকীয় কিছু আশা করি না,তারা আমাদের অনেক টাকা পাওনা এবং আমি নিশ্চিত যে তারা তা পরিশোধ করবে।’
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্কও কার্যকর হবে। তবে কখন থেকে তা কার্যকর হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
শনিবার যুক্তরাষ্ট্রে কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ করে ও চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা নিয়ে আলাদা তিন নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। মঙ্গলবার থেকে এটি কার্যকর হবে।








