যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন এরিন। ঝড়ের কারণে সৃষ্ট বৃষ্টি ইতোমধ্যেই দক্ষিণ-পূর্ব বাহামা এবং যুক্তরাজ্যের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে শুরু হয়েছে। ফলে ওই অঞ্চলে সতর্কতা জারি রয়েছে। বাহামার পূর্বদিকে অতিক্রম করার সময় সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত, ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ২১০ কিলোমিটার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
যদিও এরিনের দ্বীপগুলোতে সরাসরি আঘাত হানার সম্ভাবনা নেই। তবে তুর্কস ও কাইকোস এবং পূর্ব বাহামায় সর্বোচ্চ ছয় ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হারিকেন এরিন শনিবার ক্যাটাগরি ৫ ঝড়ে পরিণত হয়েছিল। পরে সামান্য দুর্বল হয়ে আবার শক্তি ফিরে পেয়েছে।
সবচেয়ে বড় দ্বীপ তুর্কস ও কাইকোসে সরকারি সেবা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে বলেছে।
বিবিসি ওয়েদারের প্রধান উপস্থাপক হেলেন উইলেটস বলেছেন, হারিকেন এরিন বর্তমানে ‘একটি প্রধান ঝড়।’
তিনি আরও বলেন, যদিও এই পর্যায়ে এটি সরাসরি স্থলভাগে আঘাত হানবে বলে আশা করা হচ্ছে না। তবে এটি প্রচুর বৃষ্টি আনবে, যা হঠাৎ বন্যা, ঝড়ের ঢেউ থেকে উপকূলীয় বন্যা এবং সৈকতের কাছে সৃষ্ট বিপজ্জনক প্রবাহ তৈরি করবে।
ঝড়টি এরই মধ্যে পুয়ের্তো রিকো অতিক্রম করেছে। সে সময় পুয়ের্তো রিকোতে ২৪ ঘণ্টায় ৮২ মিলিমিটার এবং অ্যাঙ্গুইলায় ৬২.৩ মিলিমিটার ভারী বৃষ্টিপাত হয়েছে। পুয়ের্তো রিকোতে তীব্র বাতাসে বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেড় লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।
চলতি বছর আটলান্টিকে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক হ্যারিকেনের পূর্বাভাস দিয়েছে মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন (এনওএএ)। জলবায়ু পরিবর্তনের কারণে ক্যাটাগরি-৪ ও ক্যাটাগরি-৫ মাত্রার শক্তিশালী ঝড়ের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।








