ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সাবেক প্রধান কাসেম সোলাইমানির আত্মীয়দের গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, কাসেম সোলাইমানির ভাইঝি ও তার মেয়েকে গ্রেফতারের কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে পররাষ্ট্র দফতর থেকে বলা হয়, কাসেম সোলাইমানির ভাইঝি হামিদেহ সোলাইমানি আফশার এবং তার মেয়ের যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ড) মর্যাদা বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে রুবিও জানান, ওই দুই নারী বর্তমানে ইউএস ইমিগ্রেশন ও কাস্টমস ইনর্ফোসমেন্টের হেফাজতে রয়েছেন এবং তাদের দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কাসেম সোলাইমানি প্রাণ হারান। ওই সময় যুক্তরাষ্ট্রের মসদনে ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, হামিদেহ সোলাইমানি আফশার ইরানের সর্বাধিপত্যবাদী ও সন্ত্রাসী শাসনব্যবস্থার একজন স্পষ্টভাষী সমর্থক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি শাসন ব্যবস্থার প্রচারণা করেছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, হামিদেহ সোলাইমানি আফশারের স্বামীকেও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে, পররাষ্ট্র দফতর তার মেয়ে বা স্বামীর নাম প্রকাশ করেনি।
সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে রুবিও লেখেন, “সোলাইমানি আফশার ও তার মেয়ে যুক্তরাষ্ট্রে বিলাসবহুল জীবনযাপনকারী গ্রিন কার্ডধারী ছিলেন।”








