যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হিসেবে জে ক্লেটনকে অনুমোদন দিয়েছে সিনেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মনোনয়ন বিলম্বিত করার কয়েক সপ্তাহ পর স্থায়ী পরিচালক হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হলো। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি এবং সাবেক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ক্লেটন দলীয় লাইনে ৫১-৪৭ ভোটে অনুমোদন পান।
রিপাবলিকানরা প্রথমে জুনেই ক্লেটনের অনুমোদন সম্পন্ন করতে চেয়েছিলেন। তবে সাবেক পরিচালক তুলসি গ্যাবার্ডের পদত্যাগের পর ট্রাম্প সাময়িকভাবে দায়িত্ব দেওয়া বিল পুল্টেকে কয়েক সপ্তাহ কাজ করার সুযোগ দিতে শুনানি পিছিয়ে দেন।
আবাসন খাতের সাবেক নিয়ন্ত্রক বিল পুল্টের গোয়েন্দা সংক্রান্ত কোনও অভিজ্ঞতা না থাকায় দুই দলের সিনেটররাই উদ্বেগ প্রকাশ করেছিলেন।
চলতি মাসের শুরুতে পুল্টের দায়িত্বকালেই হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে পরাজয় নিয়ে তার আগের দাবিগুলো পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি কিছু গোপন নথি প্রকাশ করেন, যা তার দাবি সমর্থন করে বলে উল্লেখ করেছিলেন।
ডেমোক্র্যাটরাও ক্লেটনের মনোনয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত বিতর্কিত শুনানিতে তিনি বারবার ২০২০ সালের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের বিষয়টি স্বীকার করতে অস্বীকৃতি জানান, যার ফলে তিনি দ্বিদলীয় সমর্থন হারান।
সিনেটের গোয়েন্দা কমিটিতে শীর্ষ ডেমোক্র্যাট ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার শুনানি শেষে বলেন, শুরুতে তিনি ক্লেটনের মনোনয়নের প্রশংসা করলেও পরে তার অবস্থানে ‘গভীরভাবে হতাশ’ হয়েছেন।
ওয়ার্নার জানান, তিনি ক্লেটনের মনোনয়নের বিরোধিতা করবেন। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, পুল্টে ওই পদে থাকায় ডেমোক্র্যাটরা ‘কঠিন পরিস্থিতিতে’ ছিলেন।
ভোটাভুটির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ক্লেটনের প্রশংসা করে লেখেন, জে সবদিক থেকেই অসাধারণ এবং পরিচালক হিসেবে দারুণ কাজ করবেন।

নেতানিয়াহুর হাতে হাতকড়া পরাতে চায় অর্ধেক আমেরিকান: জরিপ
ট্রাম্পের হামলা স্থগিতের পরই মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা