কানাডার পণ্যে বুধবার থেকে কার্যকর হতে যাওয়া নতুন ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে দাবি করে মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছেছে- নথিপত্র চূড়ান্ত হওয়ার শর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কানাডা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য বা চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়নি।
ট্রাম্প আরও জানান, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ২০২১ সালে বাতিল হওয়া কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্পটি ‘কবর থেকে জেগে উঠতে পারে’। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
মঙ্গলবার বিকেলে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কথা বলার পর ট্রাম্প এই ঘোষণা দেন। চলতি সপ্তাহে দুই নেতার এটি ছিল দ্বিতীয়বারের মতো কথোপকথন। এর আগে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে তীব্র ও অনেকটাই অস্বচ্ছ আলোচনা চলছিল।
আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিদ্যমান গাড়ি আমদানি শুল্ক একটি গুরুত্বপূর্ণ বিরোধের বিষয় ছিল বলে আলোচনার সঙ্গে পরিচিত দুটি শিল্প সূত্র জানিয়েছে।
নতুন মার্কিন শুল্ক কার্যকর হলে প্রায় ২০ বিলিয়ন ডলারের কানাডীয় পণ্য এর আওতায় পড়ত। এমনকি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির আওতায় অগ্রাধিকারমূলক সুবিধার যোগ্য কানাডীয় পণ্যের ক্ষেত্রেও এই শুল্ক প্রযোজ্য হতো।

যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করলে ইউরোপে হামলার হুমকি ইরানের







