স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, সরকার এখন গরীব জনগণের জন্য আধুনিক চিকিৎসা নিশ্চিত করার কর্মসূচি হাতে নিয়েছে। ‘শেখ হাসিনা হেলথ কেয়ার’ নামের এ কর্মসূচি সারা দেশে পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া হবে।
মঙ্গলবার বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি কিমিয়াও ফ্যান (Qimiao Fan) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে মন্ত্রী তাকে এসব বলেন। এসময় তিনি স্বাস্থ্যখাতের উন্নতির জন্য বিশ্বব্যাংকের অব্যাহত সহায়তা কামনা করেন।
মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সাফল্যের পর সরকার এখন গরীব জনগণের জন্য আধুনিক চিকিৎসা নিশ্চিত করার কর্মসূচি হাতে নিয়েছে। সরকার গরীব মানুষের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণের পাইলট প্রকল্প হাতে নিয়েছে। ‘শেখ হাসিনা হেলথ কেয়ার’ নামের এই কর্মসূচি সারা দেশে পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া হবে।
সরকার গত কয়েক বছরে স্বাস্থ্যখাতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি রোধে সরকার ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি অবলম্বন করছে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় অনেক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
এসময় স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসিসহ মন্ত্রণালয় ও বিশ্ব ব্যাংকের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: যেকোনও সময় নিজামীর ফাঁসি কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
/জেএ/এমও/








