বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা গৌরবের জায়গায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত সহযোগী অধ্যাপকদের জন্য ‘প্রশাসন ও ব্যবস্থাপনার’ উপর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘উন্নয়নের ধারায় বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, প্রযুক্তি, কৃষিসহ বিভিন্ন খাত এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশ একটি সাফল্যের নাম। তবে ব্যবস্থাপনার দিক থেকে আরও উন্নতির সুযোগ রয়েছে বাংলাদেশের।’
এসময় উপাচার্য রোগীসহ সবার সঙ্গে ভালো আচরণ করা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং মনকে সুন্দর রাখা ও হাসিমুখে কথা বলার উপর গুরুত্বারোপ করেন।
গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ কর্মসূচির ছয়টি ব্যাচে প্রায় ২০০ জন সহযোগী অধ্যাপককে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে প্রথম দু’ ব্যাচে প্রায় ৭০ জন সহযোগী অধ্যাপককে এ প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক, সেকশন অফিসার ও প্রশাসনিক কর্মকর্তাদের এ প্রশিক্ষণ দেয়া হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, পরিচালক (মানবসম্পদ) ডা. মো. জামাল উদ্দিন খলিফসহ অন্যরা উপস্থিত ছিলেন।
- সিরিয়ায় জাতিসংঘের সামগ্রিক ত্রাণ কার্যক্রম স্থগিত
- স্কুলছাত্রকে কারাদণ্ড দেওয়ায় সখীপুরের ইউএনও-ওসিকে তলব
/জেএ/এমও/








