বাংলাদেশি মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়ানোতে পিছিয়ে নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘তারা বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। দু’ বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করা শিশুর সংখ্যা বেড়ে ৮৭ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।’
বুধবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্যসেবা বিভাগ।
স্বাস্থ্য সচিব (স্বাস্থ্যসেবা বিভাগ) মো. সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব (স্বাস্থ্য শিক্ষা) জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্যসেবা বিভাগ) মো. হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. এনায়েতুর রহমান, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এস কে রায় প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মায়ের দুধের বিকল্প নেই। মায়ের দুধের পরিবর্তে কৌটার বা বাজারের দুধ খেলে শিশুরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে, শিশু অপুষ্টির শিকার হয়। সরকারি-বেসরকারি উদ্যোগে এ শিক্ষাটি ব্যাপকভাবে প্রচার করতে হবে। এতে মানুষের মধ্যে পুষ্টির ধারণা বাড়বে এবং অপুষ্টিতে আক্রান্ত শিশু ও মায়ের সংখ্যা কমে আসবে। ’
তিনি বলেন, ‘বিদ্যমান আইন অনুযায়ী কোনও গুঁড়া দুধ, শিশুখাদ্য, বাণিজ্যকভাবে প্রস্তুতকৃত শিশুর পরিপূরক খাদ্য ও তা ব্যবহারের সরঞ্জামাদি নিবন্ধন ছাড়া আমদানি, স্থানীয়ভাবে উৎপাদন, বিক্রয় বা বিতরণ করা যাবে না। বিজ্ঞাপন মুদ্রণ, প্রদর্শন, প্রচার অথবা প্রকাশও করা যাবে না।’








