স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেছেন, গত মার্চে আমাদের সিডিসি’র পরিচালক সবগুলো পৌরসভাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন এবারের প্রকোপ বেশি হবে। কাজেই মশা নিধন করা দরকার, সেটা যেন করা হয়।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের করোনা ও ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খুরশিদ আলম বলেন, ‘আমাদের পক্ষ থেকে যে সচেতনতা তৈরি করার দরকার, সেটা আমরা করেছি। আমরা বারবার সিটি করপোরেশনগুলোকে জানিয়েছি যে, মশার উৎপত্তি স্থলগুলোকে আপনারা ধ্বংস করুন। চিকিৎসা দেওয়া আমাদের কাজ সেটা আমরা দেবো, কিন্তু ডেঙ্গু যাতে না হয় সেই ব্যবস্থাটা আপনারা নিন।’
করোনা পরিস্থিতিতে হাসপাতাল শয্যা বাড়ানো প্রসঙ্গে স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ‘এভাবে চললে আসলেই আমরা সামাল দিতে পারবো না। যতই সক্ষমতা বাড়াই না কেন, হাসপাতালে আর বেড বাড়ানো সম্ভব হবে না। করোনার চেয়ে আমাদের নন কোভিড রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি। তাদেরকে আমরা জায়গা দিতে পারছি না। তারা অনেক ভোগান্তিতে আছেন। সেসব কথা মাথায় রেখে আমাদের সাবধান হতে হবে।’
খুরশিদ আলম বলেন, ‘একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে যে, আমাদের সক্ষমতা কতটুকু এবং আমরা কতটুকু করতে পারি। আমরা হাসপাতাল করেছি প্রয়োজনে, কিন্তু আমাদের রোগের উৎপত্তির জায়গা যেন বন্ধ করি।’
তিনি বলেন, ‘আমরা ডিএনসিসিতে এক হাজার শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতাল তৈরি করেছি। অতি সম্প্রতি বঙ্গমাতা ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। প্রতিটি জিনিসেরই একটা সীমাবদ্ধতা রয়েছে। আমাদেরও রয়েছে। এর বাইরে গিয়ে আর হাসাপাতালে শয্যা বাড়ানো সম্ভব হবে না।’









