দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তিনি সিলেট বিভাগের বাসিন্দা। মঙ্গলবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় দেশের সাত বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। আর এর মধ্যদিয়ে ফের একদিনের জন্য করোনায় মৃত্যুহীন ছিল ঢাকা বিভাগ।
দেশে করোনা মহামারিকালে গত ২০ অক্টোবর প্রথম ঢাকা বিভাগ করোনায় মৃত্যুহীন ছিল। এরপর গত ৫ নভেম্বর ও ২৪ নভেম্বরও ঢাকা বিভাগ মৃত্যুহীন ছিল।
দেশে শুরু থেকেই ঢাকা বিভাগে করোনায় আক্রান্ত এবং মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।
সেই থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
অধিদফতর জানায়, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮ হাজার ৫১ জন। এর মধ্যে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ১২ হাজার ২৪৮ জন।
এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ— পাঁচ হাজার ৬৮৭ জন, রাজশাহী বিভাগে দুই হাজার ৫৮ জন, খুলনা বিভাগে তিন হাজার ৬১৭ জন, বরিশাল বিভাগে ৯৪৯ জন, সিলেট বিভাগে এক হাজার ২৭৩ জন, রংপুর বিভাগে এক হাজার ৩৭২ জন। আর ময়মনসিংহ বিভাগে মৃত্যু হয়েছে ৮৪৭ জনের।









