বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় রাজধানীর মালিবাগ-সিদ্ধেশ্বরীর ক্ষুদ্র ব্যবসায়ী এবং কর্মচারীরা করোনার টিকা পেলেন।
মগবাজার, মৌচাক, মালিবাগ, সিদ্ধেশ্বরী, খিলগাঁও, চামেলীবাগ ও পল্টনসহ আশপাশের মার্কেটগুলোতে কর্মরত প্রায় চার হাজার মানুষকে দেওয়া হয় সিনোভ্যাকের প্রথম ডোজ। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টিকা প্রদান কর্মসূচি।
রবিবার (২০ ফেব্রুয়ারি) সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে ১৩টি বুথে দেওয়া হয় টিকা। ১৮ বছরের বেশি বয়সী দোকান মালিক ও কর্মচারীদের টিকা নিতে সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৩০ জন ভ্যাকসিনেটর ও ২০ জন স্বেচ্ছাসেবক।
রবিবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসীম উদ্দিন। এসময় তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে টিকার বিকল্প নেই। ফের লকডাউনে যেতে না চাইলে সকল ব্যবসায়ীদের টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে, ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকা নেননি এমন ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে না দেওয়ার হুঁশিয়ারি দেন বাংলাদেশ দোকান-মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. হেলাল উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব জহিরুল হক ভুইঞা ও মৌচাক মার্কেট বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় গত ১২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনা টিকা দেওয়া শুরু হয়। এরইমধ্যে উত্তরা ও মিরপুর জোনের প্রায় ১০ হাজার মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। কোকাকোলা ফাউন্ডেশনের সহযোগিতায় ও বাংলাদেশ দোকান-মালিক সমিতির উদ্যোগে টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।









