গত ২৪ ঘণ্টায় করোনাতে শনাক্ত হয়েছেন আগের ২৪ ঘণ্টার মতোই ৩৬ জন। এ সময় ৫৫ জেলায় কারও করোনা শনাক্ত হয়নি। আর টানা দুই দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুও নেই। করোনা পরিস্থিতির স্বাভাবিক অবস্থার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ৩৬ জন শনাক্ত হয়েছেন তাদের মধ্যে দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা জেলায়। এ জেলায় শনাক্ত হয়েছেন ২২ জন। বাকিদের মধ্যে গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, মেহেরপুর ও সিলেট জেলায় শনাক্ত হয়েছেন একজন করে। বাকি ৫৫ জেলায় গত ২৪ ঘণ্টায় কেউ শনাক্ত হয়নি।
করোনা পরিস্থিতির উন্নতির প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। এটি অত্যন্ত সন্তোষজনক চিত্র।









