দেশে করোনাভাইরাসের সংক্রমণ সম্প্রতি বাড়লেও ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (২৯ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
দেশে করোনা সংক্রমণ বাড়ছে। অন্যদিকে সব বিধিনিষেধও উঠে গেছে। নতুন করে বিধিনিষেধ দেওয়া হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি জেনেভা থেকে এসেছি। সেখানে দেখলাম, একটি মানুষও মাস্ক পরেনি। সেখানে যে দু-একটি রোগী যে পাওয়া যাচ্ছে না– তা নয়। আমাদের এখানেও দু-একটি করে রোগী পাচ্ছি। ইদানিং কিছু বেড়েছ। কিন্তু হাসপাতালে তেমন রোগী নেই। যেহেতু সবাই টিকা নিয়েছে সে জন্য করোনা মারাত্মক আকার ধারণ করছে না।’
তিনি আরও বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলবো, করোনা যেহেতু আছে আমাদের সতর্ক থাকা ভালো। যেখানে বেশি লোকের সমাগম সেখানে মাস্ক পরতে পারলে ভালো হয়। করোনা মোকাবিলার জন্য যে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি সেগুলো মনে রাখা উচিত। যেকোনও সময় করোনা অতিরিক্ত বাড়তেও পারে। এখন সেরকম কোনও শঙ্কা নেই।’









