তামাক কোম্পানিগুলোর মদদে ঢাকার রেস্টুরেন্টগুলো ধূমপানের আখড়ায় পরিণত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
রবিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ তামাক বিরোধী জোট।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবার পরিজন নিয়ে মানুষ রেস্টুরেন্টে যায় মূলত সুন্দর পরিবেশে কিছুটা সুন্দর সময় উপভোগ করতে এবং স্বাস্থ্যকর খাবার খেতে। কিন্তু বিদেশি কয়েকটি তামাক কোম্পানির সরাসরি মদদ ও অর্থায়নে দেশে বিভিন্ন রেস্টুরেন্টে ধূমপানের স্থান গড়ে উঠছে এবং এতে কিছু কিছু মালিক সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। যদিও বাংলাদেশ রেস্টুরেন্ট অ্যাসোশিয়েশনের অধিকাংশ সদস্য এ ধরনের ধূমপানের স্থানের বিরোধিতা করে আসছে এবং বাংলাদেশে ২০০৫ সালের পরে ধূমপানমুক্ত রেস্টুরেন্ট আন্দোলনকে এগিয়ে নিতে তারা একটি বড় ভূমিকা পালন করেছে।
কিন্তু বর্তমানে কতিপয় জনস্বাস্থ্য বিরোধী লোক তামাক কোম্পানির প্রত্যক্ষ মদদে শত শত মানুষের জীবনকে হুমকির সম্মুখীন করছে। বিশেষজ্ঞদের মতে, পরোক্ষ ধূমপান প্রত্যক্ষ ধূমপানের মতোই সমান ক্ষতিকর। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুসারে, বাংলাদেশে বিভিন্ন জনসমাগমস্থলে ধূমপান না করেও পরোক্ষভাবে ধূমপানের শিকার হচ্ছে বহু মানুষ। এ হার রেস্তোরায় প্রায় ৫০%, কর্মক্ষেত্রে ৪২% এর বেশি, সরকারি কার্যালয়ে প্রায় ২২%, হাসপাতাল বা ক্লিনিকে প্রায় ১৩% ও গণপরিবহনে ৪৪%।
এতে আরও বলা হয়, তামাক কোম্পানিগুলোর মূল উদ্দেশ্য যুবকদের তামাক ব্যবহারে উৎসাহিত করা। যেহেতু বর্তমানে দেশে যুবকদের সংখ্যা বেশি এবং তরুণদের একটি বড় অংশ এ সকল রেস্টুরেন্টে যাতায়াত করে। সে কারণে তারা রেস্টুরেন্টসহ যুবকদের যাতায়াত রয়েছে এমন কেন্দ্রগুলোকে বেছে নিয়ে নানা উপায়ে তামাকের আগ্রাসী প্রচারণা চালাচ্ছে। নিজের অর্থ ব্যয় করে স্বাস্থ্য ক্ষতি ডেকে আনার কোনও যৌক্তিকতা নেই। মানুষ যেখানে স্বাস্থ্যকর খাবার সন্ধান করে সেখানকার পরিবেশ স্বাস্থ্যকর হওয়া জরুরি। বাংলাদেশ তামাক বিরোধী জোট সরকারের কাছে আহ্বান জানাচ্ছে, জনস্বাস্থ্য নিশ্চিতে অনতিবিলম্বে পাবলিক প্লেসে সব ধরনের ধূমপানের স্থান বাতিল করা হোক। যাতে কোটি কোটি মানুষ উপকৃত হয়। সেই সঙ্গে জোট প্রতিটি অভিভাবক, নাগরিক, সচেতন মানুষের কাছে আহ্বান জানাচ্ছে, যে রেস্টুরেন্টগুলো তাদের ভোক্তার স্বাস্থ্য না দেখে শুধুমাত্র কয়েকটি কোম্পানির মদদে জনস্বাস্থ্য ক্ষতি বিবেচনা না করে সরাসরি ধূমপানের স্থান তৈরি করছে এসব প্রতিষ্ঠানকে বয়কট করুন।








