ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৬৮২ জন মারা গেলেন।
রবিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৫৪ জন। এর মধ্যে ৬৩ জন ঢাকার। ১৯১ জন অন্যান্য বিভাগের।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৬৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৪৭৪ জন। বাকি ১ হাজার ৮৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ২৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৯৯১ জন।









