২৮তম বিসিএস থেকে ৪২তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ১০৭ চিকিৎসককে পদায়নের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২০ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদের সই করা চিঠিতে স্বাস্থ্য অধিদফতরকে এই নির্দেশনা দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে ২৮তম বিসিএস থেকে ৪২তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে ১০৩ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৪ জন নিয়োগের জন্য মোট ১০৭ জন প্রার্থীর প্রজ্ঞাপনের কপি ও সংশ্লিষ্ট কাগজপত্র (বাংলাদেশ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চের প্রতিবেদন, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন, মূল আবেদন) পরবর্তী পদায়ন কার্যক্রম গ্রহণের জন্য পাঠানো হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখার ১৪ আগস্টের প্রজ্ঞাপনে বর্ণিত শর্তাবলি প্রযোজ্য হবে।
এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের ২০২১ সালের ৩১ জানুয়ারি জারিকৃত নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের পদায়ন নীতিমালা বদলি বা পদায়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
চিঠিতে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় পদায়ন করতে বারণ করা হয়। একইসঙ্গে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের মহানগর/জেলা শহর/সদর উপজেলায় (উপ-স্বাস্থ্য কেন্দ্র ব্যতীত) পদায়ন না করার জন্য বলা হয়।
নবনিয়োগপ্রাপ্ত ১০৩ জন সহকারী সার্জন এবং ৪ জন সহকারী ডেন্টাল সার্জনকে আগামী ১ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতর কর্তৃক পদায়িত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, চিকিৎসক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট বিভাগে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের বিভিন্ন উপজেলায় পদায়ন করতে হবে, এরূপ পদায়নের ক্ষেত্রে যতদূর সম্ভব নিকটবর্তী বিভাগ/নিজ জেলা/নিজ জেলার কাছাকাছি এবং প্রযোজ্য ক্ষেত্রে স্বামী-স্ত্রীকে একই কর্মস্থলে পদায়নের বিষয়টি বিবেচনা করতে হবে।









