সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৭ জন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে। বুধবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৮৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৩ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম আক্রান্ত রোগী পাওয়া গেছে ১ হাজার ৩৪ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৭ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম নিয়ে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, একই সময়ে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জনের।









