চিকিৎসকদের বদলি-পদায়ন কোনও রাজনৈতিক পরিচয়ে নয়: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৬, ১৬:৪২ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৬:৪২

চিকিৎসকদের বদলি ও পদায়নে কোনও রাজনৈতিক দলের পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অটোমেশন পদ্ধতিতে চিকিৎসকদের মেধা, যোগ্যতা ও পছন্দকে গুরুত্ব দিয়ে বদলি ও পদায়ন করা হবে। এতে কোনও ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন মেডিক্যাল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের অটোমেশন পদ্ধতিতে বদলি ও পদায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অটোমেশন পদ্ধতিতে ৮৭ জন চিকিৎসককে তাদের পছন্দ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হচ্ছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় এ পদ্ধতি চালু করা হয়েছে। এখানে ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক বিবেচনা কিংবা অন্য কোনও প্রভাবের সুযোগ নেই। তিনি আরও বলেন, অটোমেশন পদ্ধতির কার্যকারিতা পর্যবেক্ষণ করে ভবিষ্যতে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এটি একটি নতুন ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে চায়।

এসময় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে প্রায় ৪০ হাজার চিকিৎসক কর্মরত রয়েছেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চিকিৎসকদের বদলি ও পদায়ন করা হলেও অতীতে, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের সময়ে, এ ক্ষেত্রে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের ঘটনা ঘটেছে। যোগ্য ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন না করে দলীয় বিবেচনায় বিভিন্ন পদে নিয়োগ দেওয়ায় স্বাস্থ্যব্যবস্থা সংকটের মুখে পড়েছিল। অতীতে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও ভঙ্গুর অবস্থার চিত্র সংবাদমাধ্যমেও বারবার উঠে এসেছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশিদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
সর্বশেষ খবর
ষড়যন্ত্র-গুজবে বিভ্রান্ত হবেন না: আইজি‌পি
ষড়যন্ত্র-গুজবে বিভ্রান্ত হবেন না: আইজি‌পি
প্রধান বিচারপতির বক্তব্য সংবাদে বিকৃতভাবে প্রচারিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল
প্রধান বিচারপতির বক্তব্য সংবাদে বিকৃতভাবে প্রচারিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল
ভিসা আবেদনের পরদিন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে খুন তাহিরা, কারাগারে যুবক
ভিসা আবেদনের পরদিন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে খুন তাহিরা, কারাগারে যুবক
দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে গাজীপুরে কৃষক দলের বিক্ষোভ
দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে গাজীপুরে কৃষক দলের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ