রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কার্যালয়ে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অধ্যাপক কাজী আহমেদ জাকি অভিযোগ করেন, ড্যাবের কর্মীরা মব সৃষ্টি করে তাকে মারধর করেছেন। ঘটনার সময় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে নিজের কক্ষে বৈঠক করার সময় কয়েকজন ব্যক্তি সেখানে ঢুকে তাকে চেয়ার থেকে টেনে তুলে মারধর করেন।
এদিকে এ ঘটনায় বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইইডিসিআরের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচালকের কার্যালয়ে এ ধরনের হামলার অভিযোগ উদ্বেগজনক ও নিন্দনীয়।
তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ বা মতপার্থক্য থাকলে তা আইনানুগ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া, দলীয় প্রভাব খাটানো কিংবা সংঘবদ্ধভাবে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষ্য, এ ঘটনা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলোর মব সৃষ্টি করে দেশে অরাজকতা ও অশান্তি তৈরির প্রমাণ।
জুবায়ের বলেন, সরকারি প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করা জরুরি। প্রতিষ্ঠানের প্রধানের কার্যালয়ে হামলার অভিযোগ তার ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পেশাগত স্বাধীনতার জন্যও উদ্বেগের।
বিবৃতিতে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, জড়িতদের পরিচয় ও দায় নির্ধারণ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে অধ্যাপক কাজী আহমেদ জাকির নিরাপত্তা নিশ্চিত করা এবং আইইডিসিআরসহ দেশের সব সরকারি প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
আইইডিসিআর দেশে রোগ পরিস্থিতি পর্যবেক্ষণ, গবেষণা ও সতর্কবার্তা দেওয়ার কাজ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতো সংস্থার সঙ্গে যৌথভাবেও কাজ করে প্রতিষ্ঠানটি।
বিএনপি সরকার গঠনের পর আইইডিসিআরের পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিয়োগ দেওয়া হয়। তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা করেন তিনি।