গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় করোনার নমুনা পরীক্ষা, রোগী শনাক্ত, মৃত্যু এবং সুস্থ হওয়া রোগীর সংখ্যা কমেছে।
সোমবার ( ৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে।
অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৮৪৯৪টি। তার আগের সপ্তাহে ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা হয়েছে এক লাখ ৭৫ হাজার ৩৪০টি। অর্থাৎ, নমুনা পরীক্ষার হার কমেছে তিন দশমিক চার শতাংশ।
গত সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ছয় হাজার ৬১৩ জন আর তার আগের সপ্তাহে শনাক্ত হয়েছিলেন আট হাজার ৬৬৮জন। গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় রোগী শনাক্তের হার কমেছে ২৩ দশমিক সাত শতাংশ।
গত সপ্তাহে রোগী সুস্থ হয়েছেন সাত হাজার ২৭৫ জন আর আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৯ হাজার ৯৩৮ জন। রোগী সুস্থ হওয়ার হার কমেছে ২৬ দশমিক আট শতাংশ।
অধিদফতর জানায়, গত সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৯ জনের আর তার আগের সপ্তাহে মারা গেছেন ১৮৯ জন। গত সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমেছে ২০ দশমিক ১১ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু কমেছে ১৫ দশমিক ৯ শতাংশ।









