রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে চুক্তিভিত্তিক খণ্ডকালীন চিকিৎসক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ২৭ আগস্ট টেলিটকের নিজস্ব জব পোর্টালে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে অভিজ্ঞ পেশাদার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তিভিত্তিক খণ্ডকালীন চিকিৎসক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
এ পদে আবেদন করতে হলে সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা চিকিৎসা মহাবিদ্যালয় থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধিত চিকিৎসক হতে হবে। মেডিক্যাল সায়েন্সের যেকোনও বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
প্রার্থীর স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি মালিকানাধীন বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্ত চিকিৎসককে মাসিক সর্বসাকুল্যে ৪৫ হাজার টাকা সম্মানি দেওয়া হবে। পাশাপাশি প্রতি বছর দুই ঈদে পূর্ণ বেতনের সমপরিমাণ দুটি উৎসব ভাতা এবং ১ বৈশাখে মূল বেতনের ১০ শতাংশ নববর্ষ ভাতা দেওয়া হবে।
কর্মকাল হবে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সরকারি ছুটির দিন কর্মকাল এর বাইরে থাকবে। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ দুই বছর। প্রয়োজন অনুযায়ী, কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ বাড়াতে পারবে।
আবেদনকারীর বয়স ২৭ আগস্ট ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে। বাংলাদেশের সব জেলার যোগ্য নারী ও পুরুষ প্রার্থী এ পদে আবেদন করতে পারবেন। চাকরির কর্মস্থল ঢাকা শহরের গুলশান-১ এলাকায়।
আবেদন
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে টেলিটকের নিয়োগ পোর্টালের jobs.teletalk.com.bd মাধ্যমে।
আবেদন ফরম পূরণের পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নির্ধারিত নিয়মে দুটি এসএমএস পাঠিয়ে ১ হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে। অনলাইন আবেদন শুরু হয়েছে ২৭ আগস্ট সকাল ১০টা থেকে।
আবেদনের সময় প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল আকারে আপলোড করতে হবে। ছবি ও স্বাক্ষর নির্ধারিত ফাইল সাইজের মধ্যে থাকতে হবে।
আবেদনকারীকে প্রথমে টেলিটকের আবেদন পোর্টালে গিয়ে ‘Application Form’ নির্বাচন করতে হবে। এরপর ‘চুক্তিভিত্তিক খণ্ডকালীন চিকিৎসক’ পদটি নির্বাচন করে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, বিএমডিসি নিবন্ধন নম্বর, অভিজ্ঞতার বিবরণ ও ঠিকানা পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর ‘Applicant’s Copy’ ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
টেলিটক বাংলাদেশ লিমিটেড ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর। প্রতিষ্ঠানটি ২০০৪ সালের ২৬ ডিসেম্বর বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।
আবেদনের সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: টেলিটক বাংলাদেশ লিমিটেড
পদের নাম: চুক্তিভিত্তিক খণ্ডকালীন চিকিৎসক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ও বিএমডিসি নিবন্ধিত
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
বয়স: সর্বোচ্চ ৫৫ বছর
কর্মস্থল: গুলশান-১, ঢাকা
মাসিক সম্মানী: ৪৫,০০০ টাকা
আবেদন ফি: ১,০০০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন শুরু: ২৭ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫টা
চাকরির মেয়াদ: প্রাথমিকভাবে ২ বছর
বিজ্ঞপ্তিটি নিচে দেখুন...









