বাংলাদেশ নাও চিনে...

জনি হক
১০ জুলাই ২০১৮, ১৮:২২আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৪:২১

বাংলাদেশ নাও চিনে... অবসর কিংবা ছুটি আর ভ্রমণ হাত ধরাধরি করে চলে। ঘুরে না বেড়ালে ভ্রমণপিপাসুদের জীবন থেকে যায় অপূর্ণ! ছকে বাঁধা দৈনন্দিন জীবনযাপনে মনপ্রাণ জুড়িয়ে দিতে পারে প্রাকৃতিক সৌন্দর্যের মায়াবী সুখের ছবি। গভীর অরণ্যে সময় কাটানোর সুযোগ কেইবা হাতছাড়া করে! ফুরসত মিললে সাগরে-সৈকতে সমুদ্রবিলাসে ডুবে থাকতে সবারই ভালো লাগে। প্রাচীন যুগের ইতিহাস, শিল্প-সংস্কৃতি, সাহিত্য ও প্রথার সঙ্গে সম্পর্কযুক্ত ঐতিহাসিক স্থান দেখার জন্য পর্যটকরা নিজ দেশের সীমানা পেরিয়ে দূর-দূরান্তেও ছুটে যান।
যেখানে ভ্রমণ, পর্যটনের ডানা মেলে সেখানেই। পৃথিবী জুড়ে পর্যটন শিল্পই এখন বৃহত্তম শিল্প হিসেবে স্বীকৃত। প্রতি বছর ২৭ সেপ্টেম্বর পালন করা হয় ‘বিশ্ব পর্যটন দিবস’। পর্যটনই টেকসই উন্নয়নের হাতিয়ার। ফলে প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে পারে। ছাপ্পান্ন হাজার বর্গমাইল আয়তনের এই দেশের ইতিহাস-ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য সবসময়ই মুগ্ধ করে পর্যটকদের। ‘বিউটিফুল বাংলাদেশ’-এর মায়াজাল যেন রূপকথার মতোই!

লাল-সবুজের এই মায়ায় জড়ালে মনে হয়, এ দেশের সবটুকুই তো সুন্দরের আরাধনা। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য; এমন হাজারও সুন্দরের রেশ ছড়িয়ে আছে এ দেশের আনাচে-কানাচে।

বাংলাদেশে পর্যটক-আকর্ষক স্থানের অভাব নেই। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আমাদেরই। অন্য সমুদ্র সৈকতগুলো হলো কুয়াকাটা, পতেঙ্গা ও সিলেটের তারুয়া। পার্বত্য জেলার তালিকায় আছে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি। দ্বীপগুলো হলো— সেন্টমার্টিন প্রবাল দ্বীপ, ছেঁড়া দ্বীপ, ভোলা, মজু চৌধুরীর হাট পর্যটন কেন্দ্র, হাতিয়া, কুতুবদিয়া, মনপুরা, নিঝুম দ্বীপ, সন্দ্বীপ ও সোনাদিয়া।

বন্যপ্রাণীর অভয়ারণ্য সুন্দরবন, ভাওয়াল, লাউয়াছড়া বন, রাতারগুল সবশ্রেণির মানুষের প্রিয়। জলপ্রপাত তিনটি হলো সিলেটের হাম হাম ও মাধবকুণ্ডু এবং বান্দরবানের থাঞ্চি উপজেলার নাফা-খুম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমির মধ্যে আরও আছে সিলেটের জাফলং, লালাখাল ও বিছনাকান্দি।

প্রত্নতাত্ত্বিক অঞ্চলগুলো হলো পাহাড়পুর বৌদ্ধবিহার, মহাস্থানগড়, ময়নামতি, সোনারগাঁও, উয়ারি-বটেশ্বর, ভিটাগড়, ছোট কাটরা, জগদ্দলা মহাবিহার, নোয়াপাড়া-ঈশানচন্দ্রনগর, মসজিদের শহর বাগেরহাট। স্থাপত্য তালিকায় রয়েছে আহসান মঞ্জিল, বড় কাটরা, কার্জন হল, জাতীয় সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, লালবাগ কেল্লা, নর্থব্রুক হল। ধর্মীয় স্থাপনাগুলো হলো ষাটগম্বুজ মসজিদ, বাঘা মসজিদ, কান্তজির মন্দির, বুদ্ধ ধাতু জাদি, আর্মেনিয়ান গির্জা। বাগান, হ্রদ, জাদুঘর, প্রাসাদ, উদ্যান, নদী, চিড়িয়াখানা; এসব তো আছেই। এছাড়াও অনেক মনোরম জায়গা আছে দেশজুড়ে, যেগুলো পর্যটকদের মন কাড়তে পারে। প্রকৃতির রূপ লুকিয়ে আছে সারাবাংলাতেই। গর্ব করে আমরা গানের মতো বলতেই পারি, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে...।’

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশে স্বাভাবিকভাবে পর্যটন শিল্প উন্নয়নের সম্ভাবনা অপরিসীম। দক্ষিণ এশিয়ায় পর্যটনে মডেলও হতে পারে আমাদের দেশ। পর্যটক আকর্ষণে বৈচিত্র্যই এক্ষেত্রে মূলধন। পর্যটন শিল্পের বিকাশের ওপর এই উন্নয়ন নির্ভর করছে অনেকখানি। দেশে পর্যটন শিল্পের বিকাশ ঘটলে কর্মসংস্থান ঘটবে। একইসঙ্গে বেকারত্ব দূরীকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনও হবে। পর্যটন শিল্পের বহুমাত্রিকতার সুবাদে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এজন্য দরকার উন্নত অবকাঠামো, সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক স্থিতিশীল অবস্থা।

বাংলাদেশে পর্যটনের মতো এভিয়েশন খাত অনেক বিস্তৃত। এভিয়েশন খাতও এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। সব মিলিয়ে মানুষের ভ্রমণ সম্পর্কিত খবরের প্রতি আগ্রহ বেড়েছে। তাই পর্যটন ও এভিয়েশন খাত নিয়ে বাংলা ট্রিবিউনের নতুন বিভাগ ‘জার্নি’। এর মাধ্যমে ভ্রমণ, হোটেল, পর্যটন সম্পর্কিত বাংলাদেশের পর্যটন খাতের তথ্য নিয়ে আলাদা আয়োজন একদিকে পাঠকের চাহিদা মেটাবে, অন্যদিকে সারাবিশ্বে বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার সম্পর্কিত খবর ছড়িয়ে পড়বে।

সিভিল এভিয়েশন, ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন বোর্ড, পর্যটন করপোরেশন বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছে। বাংলা ট্রিবিউনের ট্যুরিজম ও এভিয়েশন বিভাগ ‘জার্নি’ও এই পথে সহযাত্রী হবে। এই যাত্রায় সবার সহযোগিতা ও শুভকামনা মিলবে আশা রাখি। চলুন নৌকা ভাসাই সুন্দরের পথে...

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম