চায়না ইস্টার্ন এয়ারলাইন্স নিজেদের ২০০ কোটি ৩০ লাখ ডলারের শেয়ার বিক্রি করেছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৯ হাজার ৩৩৩ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা। এর ফলে তাদের অংশীজন হলো জুনিয়াও এয়ারলাইন্সসহ চীনের আরও দুটি প্রতিষ্ঠান।
হংকং স্টক এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, স্কাইটিম অ্যালায়েন্সের সদস্য চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের শেয়ার ক্রেতার মধ্যে রয়েছে জুনিয়াও এয়ারলাইন্স ও এর নিয়ন্ত্রক সংস্থা জুনিয়াও গ্রুপ এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা চায়না স্ট্রাকচারাল রিফর্ম ফান্ড।
জানা গেছে, জুনিয়াও এয়ারলাইন্স ও জুনিয়াও গ্রুপ মিলে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ১০ শতাংশ আর চায়না স্ট্রাকচারাল রিফর্ম ফান্ডস এর ২ শতাংশের অংশীদার হয়েছে।
চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বড় অঙ্কের শেয়ার বিক্রির পেছনে চীনা সরকারের মিশ্র মালিকানা সংস্কারের প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বাংলাদেশেও ফ্লাইট পরিচালনা করছে।
সূত্র: ফ্লাইট গ্লোবাল








