সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চেক রিপাবলিকের প্রাগ শহরে নতুন রুট তৈরি করছে বাজেট এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া। আগামী ১১ ডিসেম্বর থেকে তাদের এই নতুন ফ্লাইট শুরু হবে।
শারজাহ থেকে প্রাগে পৌঁছাতে এয়ার অ্যারাবিয়া ফ্লাইটের সময় লাগবে ৬ ঘণ্টা ৫০ মিনিট। সপ্তাহে পাঁচ দিন- মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি ও রবিবার এ ফ্লাইট চলাচল করবে।
এয়ার অ্যারাবিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আদেল আল আলী বলেছেন, ‘এই অঞ্চলের বাসিন্দাদের অব্যাহত উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যটকদের কথা চিন্তা করে আমরা আন্তর্জাতিক রুট বাড়ানোর পরিকল্পনা করছি। নতুন ফ্লাইট এরই একটি অংশ।’
বর্তমানে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় চারটি হাব থেকে প্রায় ১৫০টি রুটে ফ্লাইট পরিচালনা করে এয়ার অ্যারাবিয়া। বাংলাদেশ থেকেও শারজাহসহ অন্যান্য গন্তব্যে যাত্রী পরিবহন করে এয়ারলাইন্সটি। তাদের বহরে আছে ৫৩টি এয়ারবাস এ৩২০ বিমান।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন এয়ার অ্যারাবিয়া কর্তৃপক্ষ।








