গুয়াংজু, কলম্বো ও মালেতে চালু হবে আমাদের ফ্লাইট: বিমানের এমডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৭

গুয়াংজু, কলম্বো ও মালেতে চালু হবে আমাদের ফ্লাইট: বিমানের এমডি চলমান রুটে সম্প্রসারিত বিমান বহরের মাধ্যমে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি ও নতুন গন্তব্য হিসেবে চীনের গুয়াংজু, শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালেতে ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ পরিকল্পনার কথা জানালেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএম মোসাদ্দিক আহমেদ। বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘আকাশবীণা’র বাণিজ্যিক যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন কথা জানান।

বিমানের এমডি ও সিইও বলেছেন, ‘যাত্রীসাধারণের আস্থা অর্জনে আমরা প্রাণান্তকর পরিশ্রম করে চলেছি। আমরা জানি ও বিশ্বাস করি, তারাই সবকিছু। তাদের প্রয়োজনেই আমাদের জন্ম ও স্থিতি। যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক ও আনন্দময় করতে বিমান বহরে আজ অভিষেক হচ্ছে আকাশবীণার। এই উড়োজাহাজ সংযোজন আমাদের বহরকে আরও শক্তিশালী করবে।’

এএম মোসাদ্দিক আহমেদের কথায়, ‘২০০৮ সালে বোয়িং ও বিমানের মধ্যে ১০টি নতুন প্রজন্মের উড়োজাহাজ ক্রয়ের চুক্তিস্বাক্ষরের সময় থেকে আমরা আজকের দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। যদিও চুক্তিবদ্ধ ১০টি উড়োজাহাজের মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ ও ২টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ইতোমধ্যে বিমান বহরে যুক্ত হয়েছে। তবে আকাশবীণার ব্যাপারটা পুরোপুরি আলাদা। বোয়িং ৭৮৭ উড়োজাহাজের রেঞ্জ, আসন সংখ্যা, সাশ্রয়ী পরিচালন ব্যয় ও যাত্রীদের দৃষ্টিকোণ থেকে ভ্রমণের স্বাচ্ছন্দ্য বিবেচনায় এই উড়োজাহাজ বিমান বহরে সংযোজনের ফলে আমাদের যাত্রী সেবায় নতুন মাত্রা যোগ হবে।’

বিমানের সিইও উল্লেখ করেন, স্বাধীনতার পরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বিমানের জন্ম। তারল্য সংকট, উচ্চ পরিচালন ব্যয় ও পুরনো উড়োজাহাজসহ বিভিন্ন সীমাবদ্ধতার মধ্য দিয়ে পরবর্তী ৪০টি বছর অতিক্রম করে বিমান। তবে ২০১১ সালে বহরে প্রথম বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ যুক্ত হওয়ার পর থেকে ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন হতে থাকে। তিনি জানান, বোয়িং ৭৭৭-৩০০ আসার আগে বিমান বহরে মোট ৮টি উড়োজাহাজের গড় বয়স ছিল ২০ বছরের বেশি। নতুন প্রজন্মের উড়োজাহাজ বহরে যোগ দেওয়ার পর ক্রমান্বয়ে অবস্থার উন্নতি হতে থাকে। এ বছরের নভেম্বরে বিমান বহরে দ্বিতীয় বোয়িং ৭৮৭ উড়োজাহাজ যুক্ত হলে লিজে সংগৃহীত এয়ারক্রাফটসহ বিমানের ১৩টি উড়োজাহাজের গড় বয়স দাঁড়াবে ৭ বছরের কম। আর বিমানের নিজস্ব ৮টি উড়োজাহাজের গড় বয়স দাঁড়াবে ৩.৭ বছর।

গুয়াংজু, কলম্বো ও মালেতে চালু হবে আমাদের ফ্লাইট: বিমানের এমডি বহরের পবিরবর্তনের সঙ্গে বিমানের বাণিজ্যিক পট-পরিবর্তন হচ্ছে বলেও মনে করেন মোসাদ্দিক আহমেদ। তার তথ্য অনুযায়ী, ধারাবাহিক লোকসানের পর ২০১৪-২০১৫ অর্থবছর থেকে বিমান পরপর তিন বছর মুনাফা অর্জন করতে সক্ষম হয়। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের উড়োজাহাজ সংযোজনের পর থেকে ক্রমান্বয়ে আমরা যাত্রীসেবার মান উন্নত করতে সক্ষম হয়েছি। ফলে প্রতিযোগিতাপূর্ণ এভিয়েশন বাণ্যিজ্যে একটি যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বিমানের সক্ষমতা বৃদ্ধি পায়। আগামী বছরের সেপ্টেম্বরে আমাদের তৃতীয় ও চতুর্থ ৭৮৭ উড়োজাহাজ হস্তান্তরের মাধ্যমে বোয়িং ও বিমানের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী মোট ১০টি উড়োজাহাজের ডেলিভারি সমাপ্ত হবে।’

বহর পরিকল্পনার কাজ অব্যাহত না রাখলে বিমানকে আবারও ২০১১’র আগের পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে মন্তব্য প্রতিষ্ঠানটির এমডি’র। তার বক্তব্য, ‘দেখতে দেখতে আমাদের প্রথম দুটি ৭৭৭-৩০০ উড়োজাহাজের বয়স ৭ বছর পেরিয়ে গেছে। আমরা ইতোমধ্যে আমাদের বহর পরিকল্পনার কাজ শুরু করেছি। শিগগিরই তা চূড়ান্ত হবে। বোয়িং কোম্পানি থেকে উড়োজাহাজ ক্রয়ের বাইরেও আমরা একটি ড্যাশ৮কিউ৪০০ ও দুটি ৭৩৭-৮০০ উড়োজাহাজ লিজ গ্রহণের কার্যক্রম চূড়ান্ত করেছি। এ মাসের মাঝামাঝি চুক্তিবদ্ধ একটি ড্যাশ৮ উড়োজাহাজ ও ডিসেম্বরের শেষ নাগাদ লিজে সংগৃহীত আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত হবে বহরে।’

মোসাদ্দিক আহমেদের দাবি, ‘বাণিজ্যিকভাবে ফ্লাইট পরিচালনার পাশাপাশি বিমান হলো বাংলাদেশে একমাত্র গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট। আমরা বিমানের ফ্লাইটের পাশাপাশি বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী সব বৈদেশিক বিমান সংস্থার ফ্লাইটগুলোকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করে থাকি। এই খাতে নানাবিধ সীমাবদ্ধতা আছে। তবে আমরা ধীরে ধীরে তা কাটিয়ে উঠতে শুরু করেছি। গত একবছরে এই খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগের মাধ্যমে আমরা ৬৯টি নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সংগ্রহ করেছি। এছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মানোন্নয়নে বিমানবন্দরে সাত শতাধিক নতুন জনবল নিয়োগ দেওয়া হয়েছে।’

গুয়াংজু, কলম্বো ও মালেতে চালু হবে আমাদের ফ্লাইট: বিমানের এমডি বুধবার ড্রিমলাইনারের বাণিজ্যিক যাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ধন্যবাদ জানিয়ে মোসাদ্দিক আহমেদ বলেন, ‘বোয়িংয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী এ পর্যন্ত ক্রয়কৃত মোট ৭টি উড়োজাহাজের অর্থায়ন প্রক্রিয়ার সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম। এই অর্থায়নের জন্য সরকারের রাষ্ট্রীয় গ্যারান্টির প্রয়োজন হয়। প্রতিটি উড়োজাহাজ ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী অর্থায়নের ব্যবস্থা করে দিয়েছেন। তার সহায়তা ছাড়া কোনোভাবেই এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। আমরা অত্যন্ত গর্বিত, তিনি মাঝে মধ্যে বিমানে ভ্রমণ করেন। বিমান সম্পর্কে তার আগ্রহ ব্যাপক। তিনি আমাদের নানাবিধ পরামর্শ দিয়ে থাকেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতি প্রধানমন্ত্রীর এই অকৃত্রিম ভালোবাসার জন্য বিমানের সব কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, সচিব মহিবুল হক, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী, বিমানের পরিচালক (প্রশাসন) মোমিনুল ইসলাম, পরিচালক (গ্রাহক সেবা) আলী আহসান, মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ, সিবিএ সভাপতি মশিকুর রহমান প্রমুখ।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম