বিশ্বের বিভিন্ন দেশে আপসাইড ডাউন হাউস আছে। এগুলোর প্রায় সবই উল্টো ডিজাইনের বাড়ি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পাতায়ার আপসাইড ডাউন হাউসকে প্রথম নজরে এমনই মনে হতে পারে। তবে ভেতরে ঢুকলে সেই ভুল ভেঙে যাবে। কারণ, বিশ্বে এমন বাড়ি একটাই! এর ভেতরের আসবাব থেকে শুরু করে সবকিছুই কাত হয়ে থাকে! অর্থাৎ একপাশে হেলে থাকে। সেজন্যই এই বাড়িতে মজার শেষ নেই! এখানে সব বয়সী দর্শনার্থীদের অবিশ্বাস্য এক অনুভূতি হয়। কিছুটা অবাস্তব! অস্থিমজ্জা কেমন যেন গোলকধাঁধায় পড়ে যায়।
পাতায়ার আপসাইড ডাউন হাউসের মেঝে নয়, আসবাব দেখবেন সিলিংয়ে! খাট, টেবিল, চেয়ার, সোফা, রান্নাঘর, সবই মাথার ওপরে ঝুলে থাকে। ইউরোপীয় ঘরবাড়ির মতোই আধুনিক আসবাব, টিভিসহ সব সাজানো। সবকিছুই চলে। কারণ সবই সত্যি জিনিস।
এ বাড়িতে ঢোকার পর প্রথমেই মনে হবে সাগর দুলছে! নয়তো নিজেকে লাটিম মনে হবে! এখানকার চিত্তবিনোদন কিছুটা অদ্ভুত। এমন বাড়ি দেখলে আনন্দের সীমা থাকে না! তবে ছবি তোলার পর শুধু উল্টে দিলেই কেল্লফতে! যে কেউ হা হয়ে যাবে!
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম পাতায়ার আপসাইড ডাউন হাউসে ঘুরে অভিভূত। মা-বাবাকে নিয়ে বেড়াতে গেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে আনন্দময় সেই মুহূর্তগুলো শেয়ার করেছেন এই লাক্স সুন্দরী।
/জেএইচ/চেক/এমওএফ/








