আজ সেখানে ক্যামেরার ঝলকানি, পর্যটকদের ভিড় আর গাইডের কণ্ঠে ইতিহাসের গল্প। অথচ কয়েক দশক, এমনকি শতাব্দী আগে এই জায়গাগুলোই ছিল আতঙ্কের প্রতীক। সেখানে কেউ বেড়াতে যেতেন না; পাঠানো হতো শাস্তি ভোগ করতে
সময়ের সঙ্গে বদলে গেছে সেই পরিচয়। একসময়ের কুখ্যাত কারাগারগুলো আজ পরিণত হয়েছে বিশ্বের জনপ্রিয় পর্যটনকেন্দ্রে। কোথাও বন্দিদের সেল, কোথাও ফাঁসির মঞ্চ, আবার কোথাও রাজনৈতিক সংগ্রামের স্মৃতি—সব মিলিয়ে এসব স্থান আজ ইতিহাস জানতে আগ্রহী মানুষের অন্যতম আকর্ষণ।
আলকাট্রাজ দ্বীপ, যুক্তরাষ্ট্র
সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে অবস্থিত আলকাট্রাজ বিশ্বের সবচেয়ে পরিচিত কারাগারগুলোর একটি। একসময় এখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের রাখা হতো। চারদিক পানি ঘেরা হওয়ায় এখান থেকে পালানো প্রায় অসম্ভব বলে মনে করা হতো। ১৯৬৩ সালে কারাগারটি বন্ধ হয়ে যায়। বর্তমানে এটি জাতীয় ঐতিহাসিক স্থাপনা হিসেবে সংরক্ষিত। প্রতিবছর লাখো পর্যটক এখানে এসে বন্দিশালা, একাকী কারাবাসের কক্ষ এবং কারাগারের নানা ইতিহাস ঘুরে দেখেন।
রবেন আইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা
কেপ টাউনের উপকূলের এই দ্বীপটি একসময় ছিল রাজনৈতিক বন্দিদের কারাগার। বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা তাঁর ২৭ বছরের কারাজীবনের ১৮ বছর এখানেই কাটিয়েছিলেন। বর্তমানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এই স্থানটি দক্ষিণ আফ্রিকার ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। বিশেষ আকর্ষণ হলো, অনেক সময় সাবেক বন্দিরাই পর্যটকদের কারাগার ঘুরিয়ে দেখান।
কিলমেইনহ্যাম জেল, আয়ারল্যান্ড
ডাবলিনের এই কারাগার আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত। ১৭৯৬ সালে নির্মিত এই কারাগারে বহু স্বাধীনতা সংগ্রামীকে বন্দি রাখা হয়েছিল, অনেকের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়। বর্তমানে এটি একটি জাদুঘর। পুরোনো সেল, আদালত কক্ষ এবং ঐতিহাসিক প্রদর্শনী দেখতে প্রতিবছর হাজারো পর্যটক এখানে আসেন।
পোর্ট আর্থার, অস্ট্রেলিয়া
তাসমানিয়ার পোর্ট আর্থার ছিল ব্রিটিশদের কুখ্যাত দণ্ড উপনিবেশ। উনিশ শতকে হাজারো দণ্ডপ্রাপ্ত বন্দিকে এখানে পাঠানো হতো। এখন এটি অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটনকেন্দ্র। কারাগারের ধ্বংসাবশেষ, গির্জা, হাসপাতাল ও প্রশাসনিক ভবন ঘুরে সেই সময়ের কঠোর জীবনযাত্রার চিত্র জানা যায়।
হোয়া লো কারাগার, ভিয়েতনাম
হ্যানয়ের এই কারাগারটি ফরাসি ঔপনিবেশিক আমলে রাজনৈতিক বন্দিদের জন্য নির্মিত হয়েছিল। পরে ভিয়েতনাম যুদ্ধের সময় এখানে মার্কিন যুদ্ধবন্দিদেরও রাখা হয়। সে সময় এটি 'হ্যানয় হিলটন' নামে পরিচিতি পায়। বর্তমানে কারাগারের একটি অংশ জাদুঘরে রূপান্তর করা হয়েছে। সেখানে বন্দিদের জীবন, যুদ্ধকালীন বাস্তবতা এবং ঐতিহাসিক নানা তথ্য তুলে ধরা হয়েছে।
ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি, যুক্তরাষ্ট্র
ফিলাডেলফিয়ার এই কারাগারকে আধুনিক কারাগার ব্যবস্থার অন্যতম পথিকৃৎ বলা হয়। ১৮২৯ সালে চালু হওয়া এই স্থাপনার নকশা পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশের কারাগার নির্মাণে প্রভাব ফেলেছিল। বর্তমানে এটি একটি ঐতিহাসিক পর্যটনকেন্দ্র। দর্শনার্থীরা পুরোনো সেল, কুখ্যাত বন্দিদের কক্ষ এবং কারাগারের ইতিহাসভিত্তিক প্রদর্শনী ঘুরে দেখতে পারেন।
ইতিহাস, যা এখনও শিহরণ জাগায়
এই জায়গাগুলো আজ আর কারাগার নয়। তবু তাদের দেয়াল, লোহার দরজা আর নির্জন সেল এখনও বহন করে অসংখ্য মানুষের বন্দিজীবনের স্মৃতি। একসময় যেখানে স্বাধীনতা কেড়ে নেওয়া হতো, আজ সেখানেই মানুষ ভিড় করেন ইতিহাস জানতে, অতীতকে কাছ থেকে অনুভব করতে এবং মানবসভ্যতার এক অন্ধকার অধ্যায়ের সাক্ষী হতে। সময়ের এই নাটকীয় রূপান্তরই একসময়ের ভয়ের প্রতীক এসব কারাগারকে আজ বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী পর্যটনকেন্দ্রগুলোর কাতারে এনে দাঁড় করিয়েছে।









