ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে এমন কিছু জায়গা আছে, যেগুলো দেখলে মনে হতে পারে ভূমধ্যসাগরের কোনও শহরে চলে এসেছেন। মাডেফোর্ড তেমনই এক গন্তব্য। সোনালি বালুর সৈকত, ঝকঝকে পানি, উপকূলীয় হাঁটার পথ আর শান্ত পরিবেশ মিলিয়ে জায়গাটি অনেকের কাছেই ইংল্যান্ডের অন্যতম সেরা গোপন সৌন্দর্য।
ডরসেটের ক্রাইস্টচার্চ হারবারের কাছে অবস্থিত মাডেফোর্ডের সৈকত ও আশপাশের এলাকা পরিবার নিয়ে একদিনের ভ্রমণের জন্যও বেশ উপযোগী। মাডেফোর্ড স্যান্ডব্যাংক একটি দীর্ঘ বালুচর, যা একদিকে ক্রাইস্টচার্চ হারবার আর অন্যদিকে খোলা সমুদ্রের মধ্যে প্রাকৃতিক বাধার মতো কাজ করে। এখানকার সোনালি বালুর সৈকত, রঙিন বিচ হাট এবং শান্ত পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে।
হেংগিস্টবেরি হেডে হাঁটাহাঁটি
মাডেফোর্ড ভ্রমণে হেংগিস্টবেরি হেড যোগ করলে দিনটি আরও জমে ওঠে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রকৃতি সংরক্ষণ এলাকা, যেখানে উপকূল ধরে হাঁটার পাশাপাশি বন্যপ্রাণী দেখা এবং উঁচু জায়গা থেকে সমুদ্র ও আশপাশের বিস্তৃত দৃশ্য উপভোগ করা যায়। হেডল্যান্ডের বিভিন্ন পথে হাঁটার সুযোগ রয়েছে, আর এখান থেকে উপকূলের দৃশ্যও বেশ মনোমুগ্ধকর।
সকালে তাড়াতাড়ি পৌঁছে প্রথমে হেংগিস্টবেরি হেডের উপকূলীয় পথে হাঁটা যেতে পারে। এরপর নেমে আসা যায় সৈকতে। শিশুদের জন্য বালুর ওপর খেলাধুলা কিংবা সমুদ্রের ধারে সময় কাটানোর সুযোগ রয়েছে। কাছাকাছি ক্যাফে ও খাবারের জায়গাগুলোতে বসে দুপুরের খাবার বা আইসক্রিম খাওয়াও হতে পারে ভ্রমণের আরেক আনন্দ।
ছোট ফেরিতে বড় আনন্দ
মাডেফোর্ড ভ্রমণের অন্যতম আকর্ষণ মাডেফোর্ড ফেরি। মাডেফোর্ড কুয়ে থেকে ছোট ফেরিতে করে সহজেই মাডেফোর্ড স্যান্ডব্যাংকে যাওয়া যায়। যাত্রাপথটি খুব দীর্ঘ নয়, কিন্তু হারবারের পানির ওপর দিয়ে এই ছোট্ট নৌভ্রমণ পুরো দিনের অভিজ্ঞতায় যোগ করে আলাদা আনন্দ।
সাধারণ যাত্রীদের জন্য আগে থেকে বুকিংয়ের প্রয়োজন নেই, ফেরিঘাটে গিয়ে লাইনে দাঁড়িয়ে উঠতে হয়। তবে পরিষেবা মৌসুম, আবহাওয়া ও জোয়ার-ভাটার পরিস্থিতির ওপর নির্ভর করে। ব্যস্ত সময় ও ছুটির দিনে অপেক্ষাও করতে হতে পারে।
মাডেফোর্ড কুয়েতেও কিছুক্ষণ সময় কাটানো যায়। এখানে সমুদ্রের ধারে হাঁটা, পিকনিক কিংবা স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে। শিশুদের কাছে কাঁকড়া ধরাও বেশ জনপ্রিয় একটি বিনোদন।
সমুদ্র, প্রকৃতি আর নিরিবিলি সময়
মাডেফোর্ড স্যান্ডব্যাংকের সৈকত মূলত বালুময় এবং গোসল বা পানিতে নামার জন্য জনপ্রিয়। তবে এখানে কোনো লাইফগার্ড পরিষেবা নেই। পাশাপাশি হারবারের মুখের কাছে শক্তিশালী জোয়ারের স্রোত ও পরিবর্তনশীল বালুচর থাকতে পারে। তাই পানিতে নামার সময় সতর্ক থাকা জরুরি।
সৈকতের কাছেই রয়েছে ক্যাফে, শৌচাগার ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা। হেংগিস্টবেরি হেড থেকে হেঁটে, সাইকেলে কিংবা ল্যান্ড ট্রেনে মাডেফোর্ড স্যান্ডব্যাংকে যাওয়া যায়।
একটি দিন খুব সহজভাবেই সাজানো যায়—সকালে হেংগিস্টবেরি হেডে হাঁটাহাঁটি, দুপুরে মাডেফোর্ডের সৈকতে সময় কাটানো, বিকেলে ছোট ফেরিতে হারবার পেরিয়ে ফিরে আসা। চাইলে দিনের শেষে সমুদ্রের ধারে বসে সূর্যাস্তও উপভোগ করা যায়।
টাস্কানির সৌন্দর্য হয়তো আলাদা, কিন্তু ব্রিটিশ সমুদ্রসৈকতের নিজস্ব স্বাদ খুঁজতে চাইলে মাডেফোর্ড হতে পারে এমন এক জায়গা, যেখানে সোনালি বালু, নীল পানি, উপকূলীয় প্রকৃতি আর ছোট ফেরির ভ্রমণ মিলে একদিনেই পাওয়া যায় ইংল্যান্ডের সমুদ্রভ্রমণের পূর্ণ স্বাদ।









