নীলাভ ফ্লোরেস সাগরের বুকজুড়ে ছড়িয়ে থাকা কোমোডো দ্বীপপুঞ্জ যেন প্রকৃতির এক জীবন্ত জাদুঘর। প্রাগৈতিহাসিক কোমোডো ড্রাগন, গোলাপি বালুর সৈকত, সবুজ সাভানা আর রঙিন প্রবালপ্রাচীরে ঘেরা ইন্দোনেশিয়ার এই দ্বীপপুঞ্জ প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য হতে পারে দারুণ এক গন্তব্য। তবে এখানে ভ্রমণের আকর্ষণ শুধু সৌন্দর্য দেখায় নয়, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে পর্যটনের ভূমিকার সঙ্গেও জড়িয়ে রয়েছে।
কোমোডো ড্রাগনের রাজ্যে
কোমোডো ন্যাশনাল পার্ক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। পার্কজুড়ে সাভানা ঘেরা পাহাড়ের পাশাপাশি রয়েছে সমুদ্রের নীল জল, প্রবালপ্রাচীর ও গোলাপি বালুর সৈকত। সমুদ্রের নিচে দেখা মেলে নানা প্রজাতির সামুদ্রিক প্রাণীর, যার মধ্যে রয়েছে বিশালাকার মান্টা রে।
তবে সব আকর্ষণ ছাপিয়ে কোমোডোর পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় গিরগিটিসদৃশ সরীসৃপ কোমোডো ড্রাগন। বন্য পরিবেশে টিকে থাকা এই প্রাণীর অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল এই দ্বীপপুঞ্জ।
সংরক্ষণকে গুরুত্ব দিয়ে পর্যটন
২০২৬ সালে কোমোডো ন্যাশনাল পার্কের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। কোমোডো ড্রাগনের পাশাপাশি ভঙ্গুর প্রবালপ্রাচীর রক্ষা এবং পর্যটকদের চলাচল নিয়ন্ত্রণেও নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা।
পার্কে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট অনুমতির ব্যবস্থা রয়েছে। রেঞ্জারদের নেতৃত্বে পরিচালিত ট্রেকিংয়ের মাধ্যমে পর্যটকদের গতিবিধিও নিয়ন্ত্রিত থাকে। এর ফলে পর্যটনের চাপ কমানোর পাশাপাশি স্থানীয় মানুষ ও পরিবেশ সংরক্ষণে পর্যটন থেকে পাওয়া অর্থ কাজে লাগানোর সুযোগ তৈরি হচ্ছে।
লাবুয়ান বাজো থেকে শুরু সফর
কোমোডো ভ্রমণের প্রবেশদ্বার হিসেবে পরিচিত লাবুয়ান বাজো। যোগাযোগব্যবস্থার উন্নতির কারণে সিঙ্গাপুর ও কুয়ালালামপুর থেকে সরাসরি উড়ানে এই শহরে পৌঁছানো যায়।
সেখান থেকে নৌপথে কোমোডোর বিভিন্ন দ্বীপ ও উপসাগর ঘুরে দেখা যায়। দিনের বেলায় নৌভ্রমণ যেমন উপভোগ করা যায়, তেমনই কাছাকাছি দ্বীপের পরিবেশবান্ধব আবাসনে রাত কাটিয়ে স্থানীয় পরিবেশের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।
ফিনিসি নৌযানে অন্য রকম অভিজ্ঞতা
কোমোডোর দূরবর্তী উপসাগর ও দ্বীপগুলো ঘুরে দেখতে চাইলে ঐতিহ্যবাহী ফিনিসি নৌযান বেছে নিতে পারেন। এসব নৌযানে করে এক উপসাগর থেকে অন্য উপসাগরে যাওয়ার পথে সমুদ্র, পাহাড়, সৈকত ও দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়।
অ্যাডভেঞ্চারের পাশাপাশি স্থানীয় জীবন ও প্রকৃতিকে কাছ থেকে জানার সুযোগও এই ভ্রমণকে করে তোলে আরও আকর্ষণীয়।
ভ্রমণের সঙ্গে প্রকৃতি রক্ষার বার্তা
কোমোডো এমন একটি গন্তব্য, যেখানে ভ্রমণের আনন্দের সঙ্গে যুক্ত হতে পারে পরিবেশ সংরক্ষণের দায়িত্বও। স্থানীয় আবাসনে থাকা, পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থার অংশ হওয়া এবং অনুমোদিত গাইডের সঙ্গে ঘোরার মাধ্যমে পর্যটকেরা স্থানীয় অর্থনীতি ও সংরক্ষণ কার্যক্রমে অবদান রাখতে পারেন।
প্রাগৈতিহাসিক প্রাণীর দেখা, সমুদ্রের তলায় সমৃদ্ধ জীববৈচিত্র্য আর দ্বীপের অনন্য প্রাকৃতিক পরিবেশের কারণে কোমোডো হতে পারে এমন এক ভ্রমণ অভিজ্ঞতা, যেখানে রোমাঞ্চের পাশাপাশি প্রকৃতির প্রতি দায়িত্বশীল থাকার বার্তাও রয়েছে।









