ইউরোপের বলকান অঞ্চলের ছোট্ট দেশ মন্টেনেগ্রো। আয়তনে ছোট হলেও ভ্রমণের বৈচিত্র্যে দেশটি বেশ সমৃদ্ধ। এক দিকে নীল অ্যাড্রিয়াটিক সাগর, ফিয়র্ডের মতো কোটর উপসাগর ও প্রাচীন শহর, অন্য দিকে দুর্গম পাহাড়, ঘন বন, হ্রদ ও বন্যপ্রাণী প্রকৃতি ও ইতিহাসের এমন মিলনই মন্টেনেগ্রোকে করে তুলেছে আকর্ষণীয় ভ্রমণগন্তব্য।
বিশ্বের নবীনতম সার্বভৌম রাষ্ট্রগুলোর একটি মন্টেনেগ্রো। ২০২৬ সালে দেশটি স্বাধীনতার ২০ বছর পূর্তি উদ্যাপন করছে। ৬ লাখ ৫০ হাজারেরও কম মানুষের এই বলকান দেশটির সংস্কৃতি ও স্থাপত্যে ইলিরীয়, রোমান, অটোমান ও যুগোস্লাভ সময়ের নানা ছাপ রয়েছে।
কোটর উপসাগরের মুগ্ধতা
মন্টেনেগ্রো বলতেই প্রথমে যে দৃশ্য চোখে ভাসে, তার অন্যতম কোটর উপসাগর। ফিয়র্ডের মতো দেখতে এই উপসাগরের চারপাশে পাহাড়, নীল জলরাশি, প্রাচীন প্রাচীরঘেরা শহর ও ভেনিসীয় স্থাপত্যের নিদর্শন মিলেমিশে তৈরি করেছে অনন্য পরিবেশ।
অ্যাড্রিয়াটিক উপকূলের রিসোর্টগুলিও পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিবেশী ক্রোয়েশিয়ার তুলনামূলক ব্যস্ত উপকূলের বাইরে শান্ত ও স্বতন্ত্র কোনও স্থান খুঁজলে মন্টেনেগ্রো হতে পারে ভালো বিকল্প।
উপকূল ছাড়িয়ে ইতিহাসের পথে
মন্টেনেগ্রোর সৌন্দর্য শুধু সমুদ্রতটেই সীমাবদ্ধ নয়। দেশের অভ্যন্তরে নদীবিধৌত সমতলভূমি পেরিয়ে দেখা মেলে চুনাপাথরের খাড়া পাহাড় ও দুর্গম পর্বতশ্রেণির।
ইতিহাসপ্রেমীদের জন্য চেতিনিয়ে হতে পারে আকর্ষণীয় গন্তব্য। দেশটির প্রাক্তন রাজকীয় রাজধানী এই ছোট্ট শহরে রয়েছে প্রাচীন মঠ, প্রাসাদ ও জাদুঘর। এসব স্থাপনা ঘুরে মন্টেনেগ্রোর রাজনৈতিক ও সাংস্কৃতিক অতীত সম্পর্কে ধারণা পাওয়া যায়।
পাখির স্বর্গ স্কাদার হ্রদ
প্রকৃতিপ্রেমীদের তালিকায় অবশ্যই রাখা যায় স্কাদার হ্রদ। জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই হ্রদ ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ পাখির অভয়ারণ্য। প্রায় ২৮১ প্রজাতির পাখির বিচরণ রয়েছে এখানে।
শহরের কোলাহল থেকে দূরে গিয়ে জলাভূমি, পাখি ও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে স্কাদার হ্রদ হতে পারে মন্টেনেগ্রো ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা।
পাহাড়ে অ্যাডভেঞ্চারের হাতছানি
তবে মন্টেনেগ্রোর প্রকৃত বন্য সৌন্দর্য খুঁজতে হলে যেতে হবে পাহাড়ের দিকে। প্রোকলেতিয়ে পর্বতমালা ইউরোপের তুলনামূলক অক্ষত বন্য অঞ্চলগুলোর একটি। খাঁজকাটা পাহাড়, ঘন বন, হিমবাহের তৈরি হ্রদ এবং নেকড়ে ও ভালুকের মতো বন্যপ্রাণী এই অঞ্চলকে করে তুলেছে রোমাঞ্চকর।
পাহাড়ে হাঁটার জন্যও রয়েছে একাধিক পথ। এর মধ্যে উল্লেখযোগ্য ‘পিকস অব দ্য বলকানস’ ট্রেইল। প্রায় ১৯২ কিলোমিটার দীর্ঘ এই ট্রেইল মন্টেনেগ্রো ছাড়িয়ে আলবেনিয়া ও কসোভোতেও বিস্তৃত।
এই ট্রেইল শুধু অ্যাডভেঞ্চারের জন্য নয়, স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গেও যুক্ত। টেকসই পর্যটনের মাধ্যমে প্রত্যন্ত পাহাড়ি জনপদ থেকে মানুষের চলে যাওয়া ঠেকানো এবং স্থানীয় বাসিন্দাদের আয়ের সুযোগ তৈরি করাই এর অন্যতম উদ্দেশ্য।
ফলে মন্টেনেগ্রো ভ্রমণে একই সফরে সমুদ্রের সৌন্দর্য, প্রাচীন শহরের ইতিহাস, পাখির অভয়ারণ্য এবং দুর্গম পাহাড়ি প্রকৃতি সবই উপভোগ করা সম্ভব। যারা গতানুগতিক ইউরোপ ভ্রমণের বাইরে গিয়ে নতুন অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্য বলকানের এই ছোট্ট দেশটি হতে পারে দারুণ এক পছন্দ।









