একসঙ্গে কয়েকজন মিলে ভ্রমণের আনন্দই আলাদা। নতুন জায়গা দেখা, পথে গল্প-আড্ডা আর নানা অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ থাকে দলগত ভ্রমণে। তবে অপরিচিত কোনও দলের সঙ্গে ঘুরতে গেলে কিছু বিষয় আগে থেকেই জেনে নেওয়া জরুরি। কারণ সঠিক দল নির্বাচন না হলে আনন্দের ভ্রমণই হয়ে উঠতে পারে বিরক্তিকর অভিজ্ঞতা।
একা ভ্রমণের জনপ্রিয়তা বাড়লেও অনেকেই খরচ কমানো কিংবা দুর্গম কোনও গন্তব্যে নিরাপদে যাওয়ার জন্য দলবদ্ধ ভ্রমণ বেছে নেন। কিন্তু যে দল বা ভ্রমণ সংস্থার সঙ্গে যাচ্ছেন, সেটি আপনার ভ্রমণের ধরন ও প্রত্যাশার সঙ্গে মানানসই কি না, তা আগে বুঝে নেওয়া দরকার।
কোনও সংস্থার মাধ্যমে দলগত ভ্রমণে যাওয়ার আগে তাদের সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিন। আগে ওই সংস্থার সঙ্গে ভ্রমণ করেছেন, এমন কারও সঙ্গে কথা বলে বাস্তব অভিজ্ঞতা জেনে নিতে পারেন। সংস্থার সুনাম, ব্যবস্থাপনা ও প্রতিশ্রুতি কতটা নির্ভরযোগ্য, সেসব বিষয়ও যাচাই করা জরুরি।
অগ্রিম টাকা দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকুন। অর্থ পরিশোধের পর অবশ্যই রসিদ বা লেনদেনের প্রমাণ সংরক্ষণ করুন।
দলে কী ধরনের মানুষ থাকছেন, সেটিও ভ্রমণের আনন্দে প্রভাব ফেলতে পারে। সদস্যদের বয়স, ভ্রমণের অভ্যাস ও পছন্দ সম্পর্কে আগে থেকে ধারণা নিন। কাছাকাছি বয়সের মানুষ বেশি থাকলে অনেক ক্ষেত্রে চলাফেরা ও পরিকল্পনায় সমন্বয় করা সহজ হয়।
তবে বয়স বেশি হলেই যে ভ্রমণ উপভোগ্য হবে না, এমনটা ভাবার কারণ নেই। বরং অভিজ্ঞ ও প্রবীণ ভ্রমণকারীদের সঙ্গে ভ্রমণ অনেক সময় নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি করতে পারে।
দল যত বড় হয়, ব্যবস্থাপনাও তত কঠিন হতে পারে। সকালে সবাইকে প্রস্তুত করা, নির্দিষ্ট সময়ে বের হওয়া কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত সব ক্ষেত্রেই বেশি সময় লাগতে পারে। বিপরীতে ছোট দলে ভ্রমণ করলে সময়ের সদ্ব্যবহার এবং পরিকল্পনায় কিছুটা নমনীয়তা থাকে। তাই বুকিংয়ের আগে জেনে নিন, মোট কতজন ভ্রমণসঙ্গী থাকছেন।
ভ্রমণসূচি বা ইটিনেরারি ভালোভাবে দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন দিন কোথায় যাওয়া হবে, কতক্ষণ সেখানে থাকা যাবে, কোথায় রাতযাপন হবে এবং যাতায়াতের ব্যবস্থা কী সবকিছু আগে জেনে নিন।
শুধু একের পর এক জায়গা ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা থাকলেই হবে না, বিশ্রাম ও ব্যক্তিগত সময় রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ব্যস্ত সূচি অনেক সময় ভ্রমণের আনন্দ কমিয়ে দিতে পারে।
দলগত ভ্রমণে বিভিন্ন বয়স, পেশা ও মানসিকতার মানুষের সঙ্গে সময় কাটাতে হয়। সবার পছন্দ-অপছন্দ এক হবে না। তাই কিছুটা ছাড় দেওয়ার এবং অন্যের সঙ্গে মানিয়ে চলার মানসিকতা থাকা জরুরি।
আপনি যদি নিজের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি মুহূর্ত কাটাতে চান, তাহলে দলগত ভ্রমণের বদলে একক বা ছোট ব্যক্তিগত ভ্রমণ আপনার জন্য বেশি উপযোগী হতে পারে।
একই গন্তব্যের জন্য বিভিন্ন ভ্রমণ সংস্থার প্যাকেজের দাম ভিন্ন হতে পারে। তাই শুধু কম খরচের প্যাকেজ দেখে সিদ্ধান্ত না নিয়ে এর মধ্যে কী কী সুবিধা রয়েছে, তা তুলনা করুন।
হোটেলের মান, খাবার, যাতায়াত, দর্শনীয় স্থান ঘোরার ব্যবস্থা, গাইডের সুবিধা এবং অতিরিক্ত খরচ আছে কি না সবকিছু জেনে নিন। প্রয়োজনে লিখিতভাবে খরচের বিস্তারিত তালিকা চেয়ে নিন।
সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলটি আপনার ভ্রমণপছন্দের সঙ্গে মানানসই কি না। কেউ প্রকৃতি দেখতে ভালোবাসেন, কেউ ইতিহাস ও স্থাপত্যে আগ্রহী, আবার কেউ অ্যাডভেঞ্চার বা ট্রেকিং পছন্দ করেন। তাই দলের ভ্রমণসূচি আপনার আগ্রহের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন।
সঠিক দল, নির্ভরযোগ্য আয়োজক এবং বাস্তবসম্মত ভ্রমণসূচি এই তিনটি বিষয় নিশ্চিত করতে পারলে দলগত ভ্রমণ হয়ে উঠতে পারে আনন্দদায়ক ও স্মরণীয়।









