স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম

ফিচার ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ১৬:০৪ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৬:০৪

পাহাড়ের গভীরে অন্ধকার গুহা, পাথরের গায়ে প্রাগৈতিহাসিক মানুষের আঁকা ছবি আর হাজার হাজার বছরের ইতিহাস। এসবই রয়েছে স্পেনের আরদালেস গুহা। এটি যেন অতীতে ফিরে যাওয়ার এক আশ্চর্য দরজা। প্রকৃতির তৈরি এই ভূগর্ভস্থ জগৎ ভ্রমণপিপাসুদের আকর্ষণ করার পাশাপাশি মানবসভ্যতার শুরুর দিকের শিল্প ও জীবনযাত্রা বুঝতে সাহায্য করে।

স্পেনের দক্ষিণাঞ্চলে মালাগা প্রদেশের আরদালেস এলাকায় অবস্থিত কুয়েভা দে আরদালেস প্রাগৈতিহাসিক গুহাচিত্রের জন্য বিশেষভাবে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫৬৫ মিটার উঁচুতে চুনাপাথরের পাহাড়ে অবস্থিত গুহাটির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন মানুষের বসবাস, শিল্পচর্চা ও প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের দীর্ঘ ইতিহাস।

আরদালেস গুহার ভেতরের অংশ (ছবি: সংগৃহীত)

পাথরের গায়ে প্রাচীন মানুষের চিহ্ন

আরদালেস গুহার অন্যতম আকর্ষণ এর দেয়ালজুড়ে ছড়িয়ে থাকা চিত্র ও খোদাই। এখানে এক হাজারেরও বেশি চিত্রকর্ম ও প্রতীক শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রাণীর অবয়ব, মানুষের আকৃতি এবং হাতের ছাপ। এসব নিদর্শন থেকে প্রাগৈতিহাসিক মানুষের ভাবনা, পরিবেশ ও শিল্পবোধ সম্পর্কে ধারণা পাওয়া যায়।

গুহার ভেতরে রয়েছে একাধিক কক্ষ ও সরু গ্যালারি। সেগুলির মধ্যে ‘সালা দে লাস এস্ত্রেয়াস’ বা তারার কক্ষ এবং গোলকধাঁধার মতো পথ বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই ভূগর্ভস্থ কাঠামো গুহাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

আরদালেস গুহার ভেতর প্রাণীর হাড় (চবি: সংগৃহীত)

ভূমিকম্পের পর নতুন করে সামনে আসে গুহা

আরদালেস গুহার আধুনিক ইতিহাসেও রয়েছে চমক। ১৮২১ সালে ভূমিকম্পের পর গুহাটির প্রবেশপথ উন্মুক্ত হয়। পরে উনিশ শতকেই সেখানে শুরু হয় পর্যটকদের যাতায়াত। ১৯১৮ সালে ফরাসি প্রাগৈতিহাসিক গবেষক অঁরি ব্রুই গুহার শিল্পকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন। তাঁর কাজের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক মহলে গুহাটির গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে।

গুহাটিতে দেয়ালের ছবিসহ এখানে প্রাগৈতিহাসিক মানুষের ব্যবহৃত পাথরের সরঞ্জামসহ বিভিন্ন প্রত্নবস্তুর সন্ধানও মিলেছে। ফলে জায়গাটি ইতিহাস, প্রত্নতত্ত্ব ও মানবসভ্যতার বিবর্তন নিয়ে আগ্রহীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

গুহার ভেতরের ও বাইরের অংশ (ছবি: সংগৃহীত)

কী ভাবে ঘুরে দেখবেন?

আরদালেস গুহা দেখতে হলে আগে থেকে গাইডেড ট্যুর বুক করা প্রয়োজন। আন্দালুসিয়া অঞ্চলের সরকারি সাংস্কৃতিক পর্যটন তথ্য অনুযায়ী, সাধারণ দর্শন প্রায় দুই ঘণ্টার। গুহা পরিদর্শনের পাশাপাশি আরদালেসের প্রাগৈতিহাসিক ইতিহাস নিয়ে তৈরি দর্শনার্থী কেন্দ্রও ঘুরে দেখার সুযোগ রয়েছে।

আন্দালুসিয়া সরকারের তথ্য অনুযায়ী, স্পেনের আরদালেস গুহা ঘুরে দেখার সাধারণ টিকিটের দাম ১৫ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,০৮৪ টাকা এবং ৮–১২ বছর বয়সিদের জন্য ছাড়ের টিকিট ৫ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৯৫ টাকা। গাইডেড ট্যুরের সময় সাধারণত মঙ্গলবার–বৃহস্পতিবার ও রবিবার সকাল ১০টা, আর শুক্রবার–শনিবার সকাল ১০টা ও বিকাল ৪টা। সোমবার গুহাটি বন্ধ থাকে।

আরদালেস গুহার গেট (ছবি: সংগৃহীত)

গুহা দেখার পরিকল্পনা করলে যাত্রার আগে সরকারি ওয়েবসাইটে ট্যুরের সময়, টিকিটের মূল্য ও প্রবেশের নিয়ম যাচাই করে নেবেন। কারণ সংরক্ষণের স্বার্থে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রিত রাখা হয়।

প্রকৃতি ও ইতিহাসের সংমিশ্রণে আরদালেস গুহা এমন এক ঐতিহাসিক নিদর্শন, যেখানে পাথরের গায়ে টিকে রয়েছে মানুষের সুদূর অতীতের স্মৃতি। তাই আপনার ভ্রমণ তালিকায় একে রাখতে পারেন।

/এমএএল/
সম্পর্কিত
শেরপুরের পাহাড়ঘেরা এই তীর্থস্থানে মিলবে প্রকৃতি ও প্রশান্তির ছোঁয়া
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
‘পূজার ছুটিতে সৈকতে ভিড়, ফাঁকা রিসোর্ট’ আগুনের ঘটনায় কতটা প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটনে?
সর্বশেষ খবর
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, মেয়ে বললেন ‘ওরা সব লুট করে নিয়ে গেছে’
নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, মেয়ে বললেন ‘ওরা সব লুট করে নিয়ে গেছে’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ