ভিয়েতনাম ও কম্বোডিয়ার ঐতিহাসিক স্থাপনা, পাহাড়, সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখার সুযোগ দিচ্ছে ভারতের ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। কলকাতা থেকে পরিচালিত এই ৯ দিনের প্যাকেজের প্রারম্ভিক মূল্য ১ লাখ ৬৪ হাজার ভারতীয় রুপি, যা প্রায় ২ লাখ ১৪ হাজার বাংলাদেশি টাকা। তবে বাংলাদেশি পর্যটকদের কলকাতায় যাতায়াত ও অন্যান্য অতিরিক্ত খরচ আলাদাভাবে হিসাব করতে হবে।
ভ্রমণসূচি
প্রথম দুই দিন কম্বোডিয়ার সিয়েম রিপে কমপং ফ্লুক ভাসমান গ্রাম, বিখ্যাত আঙ্কর ওয়াট মন্দির, আঙ্কর থম ও বায়ন মন্দির ঘুরে দেখবেন পর্যটকেরা। তৃতীয় দিন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
চতুর্থ দিন হা লং বে-তে ক্রুজ ভ্রমণ, কায়াকিং ও সূর্যাস্ত উপভোগের সুযোগ থাকবে। পঞ্চম দিন থিয়েন কান সন গুহা দেখে বিমানে দা নাং যাওয়া হবে। ষষ্ঠ দিন দা নাং ও ঐতিহাসিক শহর হোই আন ভ্রমণ এবং সপ্তম দিন বা না হিলস, কেবল কার ও বিখ্যাত গোল্ডেন ব্রিজ দর্শনের ব্যবস্থা রয়েছে।
অষ্টম দিন হ্যানয়ে ফিরে হো চি মিন কমপ্লেক্স, এক স্তম্ভবিশিষ্ট প্যাগোডা, টেম্পল অব লিটারেচার ও পুরনো শহর ঘুরে দেখবেন পর্যটকেরা। নবম দিন হ্যানয় থেকে কলকাতায় ফেরার কথা রয়েছে।
প্যাকেজের খরচ
আইআরসিটিসির প্রকাশিত মূল্য অনুযায়ী, তিনজন একই কক্ষে থাকলে জনপ্রতি খরচ ১ লাখ ৬৪ হাজার ভারতীয় রুপি, অর্থাৎ আনুমানিক ২ লাখ ১৪ হাজার বাংলাদেশি টাকা। দুজন এক কক্ষে থাকলে জনপ্রতি ১ লাখ ৬৭ হাজার ২৫০ রুপি বা প্রায় ২ লাখ ১৮ হাজার টাকা লাগবে। একক কক্ষের মূল্য ১ লাখ ৮৭ হাজার ৬৫০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকা। আলাদা বিছানাসহ শিশুর জন্য প্রায় ১ লাখ ৮১ হাজার টাকা এবং আলাদা বিছানা ছাড়া শিশুর জন্য প্রায় ১ লাখ ৬২ হাজার টাকা খরচ হবে।
প্যাকেজে বিমানভাড়া, হোটেলে থাকা, নির্ধারিত খাবার, স্থানীয় যাতায়াত, ইংরেজিভাষী গাইড, ভিসা, ভ্রমণ বিমা ও প্রধান পর্যটনকেন্দ্রগুলোর প্রবেশমূল্য অন্তর্ভুক্ত রয়েছে। তবে অতিরিক্ত কর, পানীয়, টিপস, ব্যক্তিগত খরচ এবং প্যাকেজে উল্লেখ না থাকা পরিষেবার জন্য আলাদা অর্থ দিতে হবে। বিনিময় হার পরিবর্তনের কারণে বাংলাদেশি টাকায় প্রকৃত মূল্য কিছুটা কমবেশি হতে পারে।
বাংলাদেশি পর্যটকদের জন্য সতর্কতা
এই প্যাকেজটি কলকাতা থেকে শুরু হওয়ায় বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়ার খরচ এর অন্তর্ভুক্ত নয়। বুকিংয়ের আগে বাংলাদেশি পাসপোর্টধারীদের অংশগ্রহণের যোগ্যতা, ভারতীয় ভিসা, ভিয়েতনাম ও কম্বোডিয়ার ভিসা-সংক্রান্ত শর্ত এবং আইআরসিটিসির ভিসা সহায়তা নিশ্চিত করা জরুরি।
প্যাকেজের বিস্তারিত তথ্য পাওয়া যাবে আইআরসিটিসি ট্যুরিজম-এর ওয়েবসাইটে: https://irctctourism.com/pacakage_description?packageCode=EHO054