বিদেশ ভ্রমণে টিকিট বুকিংয়ের ঝামেলা কমাতে নতুন সুবিধা চালু করেছে ভারত। এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বুর্জ খলিফা এবং সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওসহ কয়েকটি জনপ্রিয় পর্যটন আকর্ষণের টিকিট অনলাইনে কেনা যাবে ভারতের ইউপিআই (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস) ব্যবহার করে। তবে এই সুবিধা আপাতত ভারতীয় পর্যটকদের কথা মাথায় রেখেই চালু করা হয়েছে। ফলে বাংলাদেশি পর্যটকেরা সরাসরি নিজেদের বিকাশ, নগদ বা বাংলাদেশি ব্যাংক হিসাবের মাধ্যমে এই সুবিধা নিতে পারছেন না।
ভারতের অর্থ মন্ত্রণালয়ের ৩০ অক্টোবরের ঘোষণা অনুযায়ী, দেশটির ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়ার (এনপিসিআই) আন্তর্জাতিক শাখা এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের (এনআইপিএল) অংশীদারত্বে এই ব্যবস্থা চালু হয়েছে। এর মাধ্যমে ভারতীয় পর্যটকেরা নিজেদের ইউপিআই অ্যাপ ব্যবহার করে অনলাইনেই টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।
কোথায় মিলবে ইউপিআই সুবিধা?
ইউএইতে বুর্জ খলিফার ‘অ্যাট দ্য টপ’ পর্যবেক্ষণস্থলের টিকিট বুকিংয়ে ইউপিআই চালু হয়েছে। এ জন্য এনআইপিএল অংশীদারত্ব করেছে নিওপে ও ইমার এন্টারটেইনমেন্টের সঙ্গে। দেশটিতে কোনও পর্যটন আকর্ষণের অনলাইন টিকিট বুকিংয়ে এই প্রথম ইউপিআই পেমেন্ট চালু হলো।
অন্যদিকে সিঙ্গাপুরে রিসর্টস ওয়ার্ল্ড সেন্টোসার সঙ্গে ফোমো পে-এর অংশীদারত্বে চালু হয়েছে একই সুবিধা। এর আওতায় ইউনিভার্সাল স্টুডিওস সিঙ্গাপুর, সিঙ্গাপুর ওশেনারিয়াম এবং অ্যাডভেঞ্চার কোভ ওয়াটারপার্কের টিকিট কেনা যাবে ইউপিআইয়ের মাধ্যমে।
বাংলাদেশি পর্যটকদের জন্য কী সুযোগ রয়েছে?
ভারতের অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা এবং এনপিসিআইয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন এই টিকিট বুকিং সুবিধা ভারতীয় ইউপিআই ব্যবহারকারীদের জন্য। বাংলাদেশি ব্যাংক হিসাব, বিকাশ বা নগদ দিয়ে সরাসরি এই পেমেন্ট করা যাবে না। তাই বাংলাদেশ থেকে ইউএই বা সিঙ্গাপুরে বেড়াতে গেলে টিকিট কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গ্রহণযোগ্য আন্তর্জাতিক কার্ড বা অন্য পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে হবে।
তবে কোনও বাংলাদেশি পর্যটকের যদি বৈধ ও সক্রিয় ভারতীয় ব্যাংক হিসাবের সঙ্গে যুক্ত যোগ্য ইউপিআই অ্যাকাউন্ট থাকে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বুকিং প্ল্যাটফর্মে পেমেন্টের শর্ত যাচাই করে নিতে হবে। শুধু বাংলাদেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকলেই ইউপিআই ব্যবহার করা যাবে না।
১০ দেশে চালু ইউপিআই
ভারতের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, মরিশাস, নেপাল, ভুটান, কাতার, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও গ্রিস- এই ১০ দেশে ইউপিআইয়ের ব্যবহার চালু রয়েছে। উজবেকিস্তানও ১১তম দেশ হিসেবে এই তালিকায় যুক্ত হতে পারে। ২০২৬ সালের ৩০ আগস্ট ভারতের প্রধানমন্ত্রীর উজবেকিস্তান সফরের সময় এ বিষয়ে বাণিজ্যিক চুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল।
এর আগে ২০২৪ সালের ২৬ জানুয়ারি ফ্রান্সের আইফেল টাওয়ারের টিকিট অনলাইনে ইউপিআইয়ের মাধ্যমে কেনার সুবিধা চালু হয়েছিল।