ট্রেনে ভ্রমণের আনন্দই আলাদা। জানলার বাইরে বদলে যেতে থাকা দৃশ্য দেখতে দেখতে দীর্ঘ পথ পেরিয়ে যাওয়া অনেকের কাছেই বেশ উপভোগ্য। তবে স্লিপার, থ্রি-এসি কিংবা টু-এসি কামরায় যাতায়াতের অভিজ্ঞতার সঙ্গে ফার্স্ট এসির ফারাক অনেকটাই। ব্যক্তিগত কেবিন, আরামদায়ক বার্থ এবং বাড়তি কিছু সুযোগ-সুবিধার কারণে এই কামরায় সফর বেশ বিলাসবহুল। যদিও তার জন্য গুনতে হয় তুলনায় বেশি ভাড়া।
সম্প্রতি দিল্লি থেকে কাশ্মীর যাওয়ার পথে প্রথম বার ফার্স্ট এসিতে সফর করলেন ভ্রমণপ্রেমী দম্পতি গগন ও অরুণ। সমাজমাধ্যমে সেই অভিজ্ঞতার ভিডিও ভাগ করে নিয়েছেন তারা। ট্রেনের ভিতরের নানা সুবিধা থেকে শুরু করে অন্য শ্রেণির কামরার সঙ্গে ফার্স্ট এসির পার্থক্য সবই তুলে ধরেছেন ভিডিওতে।
ফার্স্ট এসিতে কী কী সুবিধা?
ভিডিওর শুরুতেই প্রথম বার ফার্স্ট এসিতে চড়ার উত্তেজনার কথা জানান দম্পতি। তাদের কথায়, ট্রেন সফর বরাবরই তাদের কাছে আকর্ষণীয়। তবে ফার্স্ট এসির অভিজ্ঞতা একেবারেই আলাদা। এই কামরার অন্যতম বিশেষত্ব হলো ব্যক্তিগত পরিসর। অন্য কামরায় যেখানে খোলা জায়গায় একাধিক যাত্রী পাশাপাশি যাতায়াত করেন, সেখানে ফার্স্ট এসিতে দরজাসহ আলাদা কেবিন থাকে।
দম্পতি জানান, এই কেবিনগুলি সাধারণত ইংরেজি অক্ষর দিয়ে চিহ্নিত করা থাকে। চারটি বার্থ থাকলে সেটিকে বলা হয় কেবিন। আর দু’টি বার্থ নিয়ে তৈরি ছোট কামরার নাম কুপে। একসঙ্গে সফর করা দম্পতিদের কাছে কুপে বেশ সুবিধাজনক, কারণ এতে তুলনায় বেশি ব্যক্তিগত পরিসর পাওয়া যায়। তবে কুপে বা কেবিন বরাদ্দ নির্ভর করে রেলের নিয়ম ও আসনপ্রাপ্যতার উপর।
কামরার ভিতরে উপরের বার্থে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থাও রয়েছে। দম্পতির নজর কেড়েছে শৌচাগারের সুবিধাও। তাদের দাবি, দীর্ঘ সফরের সময় স্নান করার ব্যবস্থাও রয়েছে সেখানে। ফার্স্ট এসির এই ধরনের কিছু বাড়তি সুবিধাই অন্য শ্রেণির কামরার তুলনায় একে আলাদা করে তোলে।
খাবার ও পানীয়ের ব্যবস্থা
সফরের সময় চা, কফি, জল এবং খাবারের ব্যবস্থার কথাও জানিয়েছেন গগন ও অরুণ। ফলে যাত্রাপথে প্রয়োজনীয় খাবার বা পানীয়ের জন্য বার বার কামরার বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না। তবে খাবার ও অন্যান্য পরিষেবা ট্রেন এবং টিকিটের নিয়ম অনুযায়ী আলাদা হতে পারে।
ভাড়া কত?
ফার্স্ট এসিতে সফরের খরচ যে তুলনায় বেশি, তা স্বীকার করেছেন ওই দম্পতিও। তবে তাদের মতে, অন্তত এক বার এই অভিজ্ঞতা নেওয়া যেতে পারে। ভিডিওর মন্তব্যের ঘরে টিকিটের দাম জানতে চান অনেকে। উত্তরে দম্পতি জানান, তাদের ক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়েছিল প্রায় ৩ হাজার টাকা।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই ফার্স্ট এসির কুপে নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন বহু নেটাগরিক। এক জন মন্তব্য করেছেন, “কুপে খুবই দারুণ!” আবার অনেকে ভালোবাসার ইমোজি দিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।