ত্বকে হঠাৎ লালচে দাগ, র্যাশ কিংবা চুলকানি বেশ অস্বস্তিকর সমস্যা। বিশেষ করে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে সামান্য অস্বস্তিও দ্রুত বেড়ে যেতে পারে। ত্বকের এমন সমস্যা দেখা দিলে প্রথমেই কারণ বোঝা জরুরি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে ত্বকে সাময়িক আরাম দিতে কিছু পরিচিত উপাদান ব্যবহার করা যেতে পারে।
শসা ও অ্যালোভেরা
শসায় থাকা জলীয় উপাদান ত্বকে ঠান্ডা অনুভূতি দেয়। একটি শসা ভালোভাবে ব্লেন্ড করে তার সঙ্গে দুই চা-চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নিন। জ্বালা বা অস্বস্তি না হলে অল্প সময়ের জন্য ব্যবহার করতে পারেন। তবে খোলা ক্ষত বা সংক্রমিত ত্বকে এই প্যাক লাগাবেন না।
টি ট্রি অয়েল
ত্বকে অতিরিক্ত প্রদাহ হলে ব্যবহার করতে পারেন টি-ট্রি অয়েল। এতে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। এগুলো ত্বকের যে কোনও সমস্যায় কাজে আসে। ১ টেবিলচামচ বেসন, ১ চা-চামচ মুলতানি মাটি এবং ২ টেবিলচামচ গোলাপজল নিন। এর সঙ্গে ২ ফোঁটা টি ট্রি অয়েল খুব ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এই প্যাকটি চুলকানির জায়গায় লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
তবে টি ট্রি অয়েলে কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকলেও সরাসরি ত্বকে ব্যবহার করলে জ্বালা বা অ্যালার্জি হতে পারে। তাই র্যাশ বা চুলকানির জায়গায় এটি সরাসরি লাগানো উচিত নয়।
তরমুজ ও পুদিনা
তরমুজে জলীয় উপাদান বেশি থাকায় ত্বকে সাময়িক শীতল অনুভূতি দেয়। তাই ত্বক আর্দ্র রাখতে এবং শীতল অনুভূতি পেতে ব্যবহার করতে পারেন তরমুজ ও পুদিনার প্যাক। এক কাপ তরমুজের টুকরোর সঙ্গে একমুঠো পুদিনা পাতা নিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে, কোনও অস্বস্তি না হলে অল্প সময়ের জন্য লাগিয়ে রাখুন। পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকে জ্বালা বা চুলকানি বাড়লে ব্যবহার বন্ধ করুন।
মনে রাখতে হবে, ঘরোয়া প্যাক অ্যালার্জি বা ত্বকের সংক্রমণের চিকিৎসা নয়। নতুন কোনও উপাদান ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা জরুরি। র্যাশ ছড়িয়ে পড়লে, তীব্র চুলকানি হলে, ব্যথা বা ফোলা দেখা দিলে কিংবা সমস্যা না কমলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।