চারদিকে যতদূর চোখ যায়, শুধু বরফের রাজত্ব। বিশাল সাদা প্রান্তর, বরফে ঢাকা পাহাড় আর দৃষ্টিনন্দন হিমবাহে ঘেরা এক রহস্যময় পৃথিবী। তীব্র শীত আর বরফের নীরবতায় মোড়ানো এই অঞ্চলটির নাম অ্যান্টার্কটিকা। পৃথিবীর এই দুর্গম মহাদেশের সৌন্দর্য দেখতে প্রতি বছরই অভিযাত্রী ও পর্যটকদের আগ্রহ থাকে। তবে বরফের এই বিশাল চাদরের নিচে যে লুকিয়ে রয়েছে হিমালয়ের সমান উঁচু প্রাচীন পর্বতমালা, তা জানলে অবাক হবেন অনেকেই।
সম্প্রতি বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার পুরু বরফের নিচে বিশাল প্রাচীন পর্বতমালার অস্তিত্বের প্রমাণ পেয়েছেন। গবেষকদের মতে, এই পর্বতগুলি আকারে হিমালয়ের সমান। কয়েকশো মিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল এই পর্বতমালা। এত দিন বরফের আড়ালে লুকিয়ে থাকা পৃথিবীর প্রাচীন ভূপ্রকৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবার নতুন করে সামনে এল।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এবং জার্মানির জিএফজেড জিওসায়েন্স গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীরা যৌথভাবে এই আবিষ্কার করেছেন। তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স লেটার্স’ পত্রিকায়।
গবেষকদের মতে, প্রায় ৬৫ কোটি থেকে ৪৫ কোটি বছর আগে এই বিশাল পর্বতমালার সৃষ্টি হয়েছিল। সেই সময় অ্যান্টার্কটিকার সঙ্গে ভারত ও আফ্রিকার ভূখণ্ডের সংঘর্ষ ঘটে। এর ফলে গঠিত হয় গন্ডোয়ানা নামে এক বিশাল মহাদেশ। বিজ্ঞানীদের দাবি, অ্যান্টার্কটিকার ইতিহাসে পর্বত সৃষ্টির সবচেয়ে বড় ঘটনাগুলির মধ্যে এটি অন্যতম।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ইয়ান ক্যাম্পবেলের কথায়, অ্যান্টার্কটিকার ইতিহাসে এর চেয়ে বড় পর্বত গঠনের ঘটনা আর ঘটেনি।
বরফের নিচে কীভাবে মিলল পর্বতের সন্ধান?
অ্যান্টার্কটিকার ৯৯ দশমিক ৫ শতাংশেরও বেশি অংশ পুরু বরফের চাদরে ঢাকা। ফলে সরাসরি মাটি খুঁড়ে বা শিলাস্তর পরীক্ষা করে এই পর্বতমালার সন্ধান পাওয়া সহজ নয়। তাই বিজ্ঞানীরা বেছে নেন অন্য পদ্ধতি।
অ্যান্টার্কটিকার উপকূলের কাছে সমুদ্রের তলদেশে খননকাজ চালিয়ে পলির স্তর থেকে সংগ্রহ করা হয় জিরকন নামের ১,৭১২টি অতি ক্ষুদ্র খনিজ কণা। এই কণাগুলির মধ্যে লুকিয়ে থাকে সেগুলির উৎসস্থল শিলার বয়স ও রাসায়নিক গঠন সম্পর্কে নানা তথ্য। সেগুলি বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা জানতে পারেন, অ্যান্টার্কটিকার প্রাচীন শিলাস্তর কত বছর আগে তৈরি হয়েছিল।
পৃথিবীতে প্রাণের বিকাশেও ছিল ভূমিকা?
এই আবিষ্কারের গুরুত্ব শুধু প্রাচীন পর্বতমালার সন্ধান পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। গবেষকদের ধারণা, এই বিশাল পর্বতমালার সৃষ্টি ও পরবর্তী ক্ষয়প্রক্রিয়া পৃথিবীতে প্রাণের বিকাশের অনুকূল পরিবেশ তৈরিতেও সাহায্য করেছিল।
বৃষ্টি, বাতাস ও অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে সময়ের সঙ্গে সঙ্গে পর্বতগুলি ক্ষয় হতে শুরু করে। সেই ক্ষয়প্রক্রিয়ায় বিপুল পরিমাণ খনিজ ও পুষ্টিকর পদার্থ নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মেশে। পাশাপাশি বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমাতেও এই প্রক্রিয়ার ভূমিকা ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা।
গবেষকদের মতে, পরিবেশের এই পরিবর্তনগুলি আদিম প্রাণীদের বেঁচে থাকা ও বিকাশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে সাহায্য করেছিল।
প্রায় ৫৩ কোটি ৯০ লাখ বছর আগে পৃথিবীতে প্রথম শক্ত খোলসযুক্ত প্রাণীর আবির্ভাব ঘটে। এর কিছুদিন পরেই প্রাণীর সংখ্যা ও প্রজাতির বৈচিত্র্য দ্রুত বাড়তে শুরু করে। জীবজগতের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিচিত ‘ক্যামব্রিয়ান বিস্ফোরণ’ নামে।
ইয়ান ক্যাম্পবেলের মতে, গন্ডোয়ানার বিশাল পর্বতমালা সৃষ্টি ও ক্ষয়ের সময়ের সঙ্গে পৃথিবীতে প্রাণের এই গুরুত্বপূর্ণ বিবর্তনের সময়ের মিল রয়েছে। দুটি ঘটনাকে নিছক কাকতালীয় বলে মনে করার যথেষ্ট কারণ নেই।
অ্যান্টার্কটিকার বরফের নিচে আরও কী কী রয়েছে?
অ্যান্টার্কটিকার বরফের নিচে প্রাচীন পর্বতমালার সন্ধান অবশ্য প্রথম নয়। এর আগেও বিজ্ঞানীরা এই মহাদেশের বরফের নিচে লুকিয়ে থাকা নানা ভূপ্রকৃতির সন্ধান পেয়েছেন।
২০২৬ সালের জানুয়ারিতে ‘সায়েন্স’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায় অ্যান্টার্কটিকার বরফের নিচে থাকা ভূভাগের নতুন মানচিত্র প্রকাশ করা হয়।