ভ্রমণ করতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। নতুন দেশ দেখা, অচেনা শহরে ঘুরে বেড়ানো কিংবা ব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নেওয়া- ভ্রমণের আনন্দই আলাদা। তবে চীনের একদল তরুণের কাছে ভ্রমণ এখন শুধু শখ নয়, পেশাও। বিমানে একা যাত্রা করতে অনিচ্ছুক কিংবা যাদের বিশেষ সহায়তা প্রয়োজন, তাদের সঙ্গী হয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন তারা। বিনিময়ে পাচ্ছেন পারিশ্রমিক, থাকা-খাওয়ার সুবিধা এবং বিভিন্ন দেশ ঘুরে দেখার সুযোগ। এই নতুন পেশার নাম ‘ফ্লাইট কম্প্যানিয়ন’ বা বিমানযাত্রার সঙ্গী।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নিজেদের আন্তর্জাতিক ফ্লাইট কম্প্যানিয়ন হিসাবে পরিচয় দিয়ে কাজের খোঁজ করছেন অনেক তরুণ-তরুণী। দক্ষিণ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এই ব্যতিক্রমী পেশার নানা দিক।
প্রতিবেদন অনুযায়ী, ‘স্পাইসি কে’ নামের এক নারী নিজের একক ভ্রমণের অভিজ্ঞতা ও ইংরেজি ভাষায় দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্লাইট কম্প্যানিয়ন হিসাবে কাজ শুরু করতে চান। তার সেবার মধ্যে রয়েছে বয়স্ক যাত্রীদের বিমানবন্দরের কাস্টমস ও ইমিগ্রেশন প্রক্রিয়ায় সহায়তা করা, মালপত্র বহন এবং পোষা প্রাণী পরিবহনে সহযোগিতা করা।
ভ্রমণসঙ্গীর চাহিদা বাড়ছে
চীনে ফ্লাইট কম্প্যানিয়ন ধারণাটি একেবারে নতুন নয়। এর আগে দেশটির বিভিন্ন ক্যারিয়ারবিষয়ক ব্লগে বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে এই পেশার প্রচার দেখা গেছে। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের সেবা দেওয়ার আগ্রহ বেড়েছে।
এই পেশায় যুক্ত লিউ নামের এক ব্যক্তি গত পাঁচ বছর ধরে ফ্লাইট কম্প্যানিয়ন হিসেবে কাজ করছেন। এ সময়ে তার ভ্রমণ হয়েছে কয়েক ডজন দেশে। তার সেবাগ্রহীতাদের তালিকায় রয়েছে ছোট শিশু থেকে শুরু করে আশি বছর বয়সী প্রবীণ ব্যক্তিরাও। এমনকি পোষা প্রাণী পরিবহনের দায়িত্বও পালন করেন তিনি ও তার দল।
লিউয়ের সেবার খরচ গ্রাহকপ্রতি কয়েক হাজার থেকে কয়েক দশ হাজার ইউয়ান পর্যন্ত হতে পারে। সাধারণত এই খরচের মধ্যে যাওয়া-আসার বিমানভাড়া, খাবার ও থাকার ব্যয় অন্তর্ভুক্ত থাকে। গত বছরই তাঁর এক হাজার ঘণ্টার বেশি সময় কেটেছে বিমানে।
লিউ জানান, বিদেশে বসবাসকারী অনেকেই ছুটির সময়ে চীনে থাকা মা-বাবা কিংবা সন্তানদের নিজেদের কাছে নিয়ে যেতে চান। কিন্তু পরিবারের সদস্যদের একা বিমানে পাঠাতে উদ্বেগ কাজ করে। বিশেষ করে বয়স্ক ও শিশু যাত্রীদের ক্ষেত্রে এই দুশ্চিন্তা বেশি। ফ্লাইট কম্প্যানিয়নরা তাদের সঙ্গে থেকে যাত্রার পুরো সময় প্রয়োজনীয় সহায়তা দেন।
যাত্রার আগে যাত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া, ভিসা ও প্রবেশ-প্রস্থানের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা এবং বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করেন তাঁরা। গন্তব্যে পৌঁছানো পর্যন্ত যাত্রীর দেখাশোনাও তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে।
বাটলার স্টাইলের ভ্রমণসেবা
শুধু বিমানে সঙ্গ দেওয়া নয়, বিদেশে গিয়ে যাত্রীদের ব্যক্তিগত সহায়তা দেওয়ার সেবাও চালু হয়েছে চীনে। ‘দ্য ওয়াল স্ট্রিট ইঞ্জিন’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট যুক্তরাজ্যগামী চীনা পর্যটকদের জন্য বাটলার স্টাইলের সঙ্গীসেবা প্রচার করছে। অ্যাকাউন্টটির অনুসারী সংখ্যা ১৫ হাজারের বেশি।
এই সেবা নিতে প্রতি ঘণ্টায় খরচ ১৫০ পাউন্ড। এর সঙ্গে যুক্ত হয় ৪৫০ পাউন্ডের সার্ভিস ফি। সেবাদানকারীদের যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট শর্ত। তাঁদের বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং যুক্তরাজ্যে অন্তত তিন বছর বসবাসের অভিজ্ঞতা থাকতে হবে।
পেশা হিসবে ভ্রমণে রয়েছে চ্যালেঞ্জও
শুনতে আকর্ষণীয় মনে হলেও ফ্লাইট কম্প্যানিয়ন হিসেবে কাজ করা মোটেও সহজ নয়। একাধিক দেশের ভিসা সংগ্রহ, আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়মকানুন সম্পর্কে ধারণা এবং ভালো অনুবাদ দক্ষতা থাকা জরুরি। বিভিন্ন দেশের ইমিগ্রেশন ও কাস্টমসের নিয়ম সম্পর্কেও জানতে হয়।
এ ছাড়া রয়েছে আইনি জটিলতার আশঙ্কা। লিউয়ের মতে, যাত্রীদের মালপত্র ভালোভাবে পরীক্ষা করা প্রয়োজন, যাতে ভুলবশত কোনো নিষিদ্ধ পণ্য বহন করা না হয়। দীর্ঘ সময় বিমানে বসে থাকা, সময়ের পার্থক্যের কারণে ঘুমের স্বাভাবিক ছন্দে পরিবর্তন এবং একের পর এক দীর্ঘ যাত্রা শারীরিক ক্লান্তিও বাড়ায়।
তবু ভ্রমণপ্রেমীদের কাছে এই পেশার আকর্ষণ কম নয়। কারণ, কাজের মধ্য দিয়েই দেখা হচ্ছে নতুন নতুন দেশ, পরিচিত হওয়া যাচ্ছে ভিন্ন সংস্কৃতি ও মানুষের সঙ্গে। তবে ফ্লাইট কম্প্যানিয়ন হওয়া মানে শুধু বিনা খরচে ঘুরে বেড়ানো নয়; বরং অন্যের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার দায়িত্ব নেওয়া। ভ্রমণকে পেশায় পরিণত করার এই নতুন প্রবণতা তাই পর্যটনজগতে তৈরি করছে ভিন্ন এক সম্ভাবনা।