দীর্ঘমেয়াদী লিজে নতুন এটিআর ৭২-৬০০ বিমান যোগ হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে। ফলে দেশের বেসরকারি এই বিমান সংস্থার উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১০।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এটিআর ৭২-৬০০। আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করেন ইউএস-বাংলার প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন আহমেদ শিকদার।
জানা গেছে, নতুন সংযোজিত বিমানটি ফ্রান্সের তুলুস-ব্ল্যাগনাক বিমানবন্দর থেকে মিসর ও ওমান হয়ে ঢাকায় এসে পৌঁছেছে। এতে রয়েছে ৭২টি আসন।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে অধিকতর ফ্লাইট পরিচালনার জন্য আরেকটি এটিআর ৭২-৬০০ এনেছে বলে জানায় ইউএস-বাংলা কর্তৃপক্ষ। এর আগে একই মডেলের আরও তিনটি উড়োজাহাজ আনে প্রতিষ্ঠানটি। তাদের বহরে আরও আছে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ৮-কিউ ৪০০ বিমান।
২০১৮ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ৮-কিউ৪০০ বিমান দিয়ে ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুটের মধ্যে কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজুতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে এই সংস্থা।








