রাখি বন্ধনে সাধারণত পরিবারের সঙ্গে ভাই-বোনের ভালোবাসার বন্ধন উদযাপন করা হয়। তবে এবার আকাশপথে ভিন্ন এক অভিজ্ঞতার সাক্ষী হলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক ও তরুণ অধিকারকর্মী সুধাংশু কৌশিক। ২৮ আগস্ট এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রায় ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় এক ফ্লাইট অ্যাটেনডেন্ট তার হাতে রাখি বেঁধে দেন।
সেই বিশেষ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন সুধাংশু। ভিডিওটি প্রকাশের পরপরই তা ব্যাপক সাড়া ফেলে।
ভিডিওতে দেখা যায়, এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইট অ্যাটেনডেন্ট সুধাংশু কৌশিকের কবজিতে রাখি বেঁধে দিচ্ছেন। পাশে থাকা আরেক ফ্লাইট অ্যাটেনডেন্ট পুরো মুহূর্তটি ভিডিও করেন। ভিডিওর ওপর লেখা ছিল, ‘‘আমার ফ্লাইটের পুরো ফ্লাইট অ্যাটেনডেন্ট দলই আমাকে ভাই বানানোর সিদ্ধান্ত নিয়েছে।’’
ভিডিওটির ক্যাপশনে কান্নার ইমোজি দিয়ে সুধাংশু লেখেন, ‘হ্যাপি রাখি।’ প্রকাশের ২০ ঘণ্টারও কম সময়ে ভিডিওটি দুই লাখের বেশি ভিউ পায়।
নেটিজেনদের নজরে ঘুমন্ত যাত্রী
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতিক্রিয়াও ছিল বেশ মজার। বিশেষ করে ভিডিওর পেছনে নীল জিনস ও সাদা টি-শার্ট পরা এক যাত্রীর ঘুমানোর দৃশ্য অনেকের নজর কাড়ে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘‘পেছনে ঘুমিয়ে থাকা ব্যক্তিটি বেশ বুদ্ধিমানের কাজ করেছেন।’’ আরেকজন জানতে চান, ‘‘রাখি বাঁধা ফ্লাইট অ্যাটেনডেন্ট উপহার পেয়েছেন কি না।’’
অন্য একজন মজা করে লেখেন, ‘‘ডান দিকে সাদা টি-শার্ট পরা ব্যক্তিটি গভীর ঘুমে আছেন।’’ কেউ কেউ আবার মন্তব্য করেন, ‘‘ভাই-জোনড হওয়া এড়াতে ওই যাত্রীই সবচেয়ে ভালো কৌশল নিয়েছেন।’’
এদিকে সুধাংশুর হাতে রাখি বাঁধা ফ্লাইট অ্যাটেনডেন্ট অপূর্ব দেওয়ানও মন্তব্যের ঘরে যোগ দেন। তিনি মজা করে লেখেন, ‘‘সুধাংশু নিজেই স্বেচ্ছায় ভাই-জোনড হতে রাজি হয়েছিলেন।’’
কে এই সুধাংশু কৌশিক
সুধাংশু কৌশিক একজন তরুণ অধিকারকর্মী এবং ইয়াং ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। অলাভজনক এই সংগঠনটি তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে সহায়তা করে।
২০২০ সালে তিনি নর্থ আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান স্টুডেন্টস প্রতিষ্ঠা করেন। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।
২০২৩ সালের ডিসেম্বরে হার্পারকলিন্স ইন্ডিয়ার প্রকাশনায় তার লেখা ‘দ্য ফিউচার ইজ আওয়ার্স: দ্য পলিটিক্যাল প্রমিজ অব ইন্ডিয়াস ইয়ুথ’ বইটি প্রকাশিত হয়।
পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে, আকাশপথে ৩০ হাজার ফুট উচ্চতায় পাওয়া এই ছোট্ট ভালোবাসার মুহূর্ত সুধাংশুর রাখি বন্ধনকে করে তুলেছে অন্যরকম। আর সেই মুহূর্তের ভিডিওই এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।









