বিদেশ ভ্রমণ মানেই নতুন অভিজ্ঞতা, অচেনা জায়গা আবিষ্কারের আনন্দ এবং একরাশ উত্তেজনা। তবে এই আনন্দের মাঝেই যদি আচমকা অসুস্থতা বা দুর্ঘটনা ঘটে, তা হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। কারণ নিজের দেশের বাইরে চিকিৎসক খোঁজা, হাসপাতালের ব্যবস্থা করা, ভাষাগত সমস্যা সামলানো কিংবা অতিরিক্ত খরচ বহন করা- সবই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই বিদেশে যাওয়ার আগে এবং ভ্রমণের সময় স্বাস্থ্যের বিষয়ে কিছু বাড়তি সতর্কতা নেওয়া জরুরি।
গন্তব্য সম্পর্কে আগে থেকেই জানুন
ভ্রমণের আগে যে দেশে যাচ্ছেন, সেই দেশের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিন। সেখানে কোনও বিশেষ রোগের প্রকোপ রয়েছে কি না, কোনো টিকা বা স্বাস্থ্য সতর্কতা প্রয়োজন কি না এসব বিষয় আগে থেকে জেনে নেওয়া ভালো।
বিশেষ করে হৃদ্রোগ, কিডনি সমস্যা, ডায়াবেটিস, কোলেস্টেরল বা অন্য কোনও দীর্ঘমেয়াদি অসুস্থতা থাকলে বিদেশযাত্রার আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। যাত্রার কয়েক সপ্তাহ আগে চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে সঙ্গে রাখুন।
জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন
সতর্ক থাকার পরও হঠাৎ অসুস্থতা বা দুর্ঘটনা ঘটতে পারে। তাই আগেভাগে প্রস্তুতি রাখা দরকার। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বাস্থ্যবিমা অনেক সময় গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে। এই ধরনের বিমা বিদেশে চিকিৎসার খরচ বহনে সাহায্য করতে পারে এবং কিছু ক্ষেত্রে রোগীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থার খরচও অন্তর্ভুক্ত থাকে।
তাই ভ্রমণের আগে নিজের প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যবিমার সুবিধা ও শর্ত সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত।
প্রয়োজনীয় নথি সঙ্গে রাখুন
বিদেশে জরুরি পরিস্থিতিতে পরিচয়পত্র ও চিকিৎসা সংক্রান্ত তথ্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই পাসপোর্টের কপি, জরুরি নথিপত্রের ফটোকপি এবং প্রয়োজনীয় যোগাযোগের তথ্য আলাদা করে সঙ্গে রাখুন।
যদি কোনও নির্দিষ্ট রোগের চিকিৎসা চলতে থাকে, তা হলে চিকিৎসকের প্রেসক্রিপশন, মেডিক্যাল রিপোর্ট এবং ওষুধের তালিকাও সঙ্গে রাখা ভালো। এতে বিদেশে চিকিৎসকের কাছে নিজের শারীরিক অবস্থার তথ্য জানানো সহজ হবে।
ট্রাভেল ইনসিওরেন্সের গুরুত্ব
বিদেশ ভ্রমণের সময় ট্রাভেল ইনসিওরেন্স বা ভ্রমণ বিমা অনেক অপ্রত্যাশিত পরিস্থিতিতে কাজে আসতে পারে। লাগেজ হারানো, জিনিসপত্র চুরি, ভ্রমণ বাতিল বা আর্থিক ক্ষতির মতো সমস্যায় অনেক বিমা সংস্থা ক্ষতিপূরণের সুবিধা দেয়।
কিছু ভ্রমণ বিমায় চিকিৎসা সংক্রান্ত খরচের সুবিধাও পাওয়া যায়। তাই বিমা করার আগে কী কী সুবিধা পাওয়া যাবে এবং কভারেজের সীমা কতটা, এসব বিষয় ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।
বিদেশে ভ্রমণের আনন্দ উপভোগ করতে হলে শুধু গন্তব্যের পরিকল্পনা করলেই হবে না, নিজের স্বাস্থ্যের সুরক্ষার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। আগাম প্রস্তুতি থাকলে অচেনা দেশেও অনেকটা নিশ্চিন্তে সময় কাটানো সম্ভব।








