রাজধানীর দক্ষিণ কল্যাণপুর থেকে উদ্ধার হওয়া পাহাড়ি ছাত্র ড্যাশিং ত্রিপুরা ওরপে হ্যারিসন হত্যাকাণ্ডের ঘটনায় দারুস সালাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার নিহত হ্যারিসনের বড় ভাই সাইক্লোনিক ত্রিপুরা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এই মামলা দায়ের করেন।
এদিকে, হ্যারিসনের (২০) লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে লাশ খাগড়াছড়ি নিয়ে যাওয়া হয়েছে।
এরআগে মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ কল্যাণপুর ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকার রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হ্যারিসন রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের ২২/৪ পাহাড়ি ছাত্রাবাসে থাকতেন। তার বাড়ি খাগড়াছড়ি জেলার দিঘীনালায়। তার বাবার নাম দশরথ পোমাং। হ্যারিসন মোহাম্মদপুরের মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাবার নাম দশরথ পোমাং।
আরও পড়তে পারেন:
প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে বেকায়দায় এমপি মনিরুল ইসলাম
দারুস সালাম থানার (ওসি) সেলিমুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, হ্যারিসন পাশের ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। তবে তিনি নিজে পড়েছেন নাকি কেউ তাকে ফেলে দিয়েছে সেটা তদন্তের পর জানা যাবে। তবে তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি।
নিহতের চাচাতো ভাই তাপস ত্রিপুরা বাংলা ট্রিবিউনকে বলেন, হ্যারিসন কোনও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তার কোনও শত্রু আছে বলেও আমাদের জানা নেই। তাই ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে তার মৃত্যু রহস্য।
/জেইউ/এনএস/এমএনএইচ/








