ফেনসিডিল বহনের দায়ে চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত ভোলার সাবেক (বরখাস্তকৃত) জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমাম আজ রবিবার আদালতে আত্মসমর্পণ করেন। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহারের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তবে সাত দিনের মধ্যে জাবেদ ইমামের আত্মসমর্পণের নির্দেশসংক্রান্ত আপিল বিভাগের আদেশের অনুলিপি না পাওয়ায় ঢাকার হাকিম আদালত তার জামিন শুনানির জন্য ২৪ অগাস্ট দিন ধার্য করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ১ ডিসেম্বর রাজধানীর নিউমার্কেট এলাকায় টিচার্স ট্রেনিং কলেজের সামনে ৩৪২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় জাবেদ ইমামকে। ওই সময় তিনি ভোলায় জ্যেষ্ঠ সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে আটকের পরপরই নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন বাদী হয়ে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। একই বছরের ২০ ডিসেম্বর জাবেদ ইমামকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। ২০১৩ সালের ২৭ আগস্ট জাবেদ ইমামের ৪ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়।
ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জাবেদ ইমাম। শুনানি শেষে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ নিম্ন আদালতের রায় বাতিল করে জাবেদ ইমামকে খালাস দেন। পরে হাইকোর্টের এই খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেন।
গত ৭ আগস্ট জাবেদ ইমামকে হাইকোর্ট থেকে খালাস করে দেওয়া রায় স্থগিত করে সাতদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আরও পড়ুন: কুকুর লেলিয়ে হিমাদ্রী হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড
/এসআইটি/এফএস/টিএন/আপ-এমও







