রাজধানীর মিরপুরের বেড়িবাঁধে পিকাপ ও ভ্যানের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন মোজাম্মেল (২৪) ও লোক্ক (২৮)। এছাড়া এই ঘটনায় নূর মোহাম্মদ (২২) ও মিথুন (২৫) নামে আরও দুই যুবক আহত হয়েছেন। নিহতদের লাশ ঢাকা মেডিকেলে কলেজের মর্গে ও আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত নূর মোহাম্মদ ও মিথুন জানান, তারা বেড়িবাঁধ দিয়ে একটি ভ্যানে করে মিরপুরের দিকে যাচ্ছিলেন। বিরুলিয়া এলাকায় সামনের দিক থেকে আসা একটি পিকাপ তাদের ভ্যানকে সামনের দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তারা ভ্যান থেকে সবাই ছিটকে পড়েন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই হারুন নামে দুরন্ত পরিবহনের এক চালক আহতদের সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল ও লোক্ককে মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানায়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, হতাহত চার জনের বাড়িই কিশোরগঞ্জে। তারা ঠিক কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন, বিস্তারিত জানা যায়নি।
/এআইবি/এনএল/এমএনএইচ/







